গোপালগঞ্জে সমন্বয়কদের ওপর হামলা, ৩৩ জনের বিরুদ্ধে মামলা

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ওপর হামলার ঘটনায় ৩৩ জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফয়সাল জামান ফাহিম বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, শনিবার (২৫ জানুয়ারি) বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফয়সাল জামান ফাহিম বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ২০ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন। 

তিনি আরও বলেন, মামলায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা শরীফুল ইসলাম সোহাগসহ ১৩ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ২০ জনকে আসামি করা হয়েছে। এখন পযর্ন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।

শনিবার বিকালে গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ওপর হামলার অভিযোগ উঠে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিরুদ্ধে।