জানাজায় যাওয়ার পথে প্রাণ গেল ২ জনের

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাসস্ট্যান্ডের বাইপাস এলাকায় বাস- অটোরিকশা সংঘর্ষের ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৩ জন গুরুতর আহত হয়েছেন। রবিবার (২৬ জানুয়ারি) দুপুর আড়াই টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার  চান্দাইকোনা বাসস্ট্যান্ডের সোস্যাল ইসলামি ব্যাংক বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চান্দাইকোনা বহুমুখী  উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী ও শেরপুর থানার সীমাবাড়ি গ্রামের রহিজুল ইসলাম (৫৯) ও নিহত অটোরিকশা চালক বগুড়া জেলার শেরপুর উপজেলার ধনকুন্ঠি গ্রামের মনছের আলীর ছেলে সাহেব আলী (৬০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, দুপুর আড়াইটাকার দিকে অটোরিকশাযোগে একটি জানাযা নামাজে যাওয়ার পথে চান্দাইকোনা বাসস্ট্যান্ড এলাকার সোসাল ইসলামি ব্যাংক সংলগ্ন বাইপাসে আসলে বগুড়াগামী শাহ ফতেহ আলী বাসচাপা দিয়ে চলেযায়। এতে অটোরিকশার চালকসহ ৪ জন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৫ টার দিকে শিক্ষক রইজুল ও অটো চালক সাহেব আলী মারা যায়।  গুরুতর আহত মধ্যবয়সী অপর দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার সত্যতা স্বীকার করে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান,  চান্দাইকোনার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত দুইজন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।