বিজিবি-বিএসএফের মিষ্টি বিনিময়

ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দিনাজপুরের হাকিমপুরের হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। এ ছাড়া ভারতীয় কাস্টমস ও অভিবাসন পুলিশের পক্ষ থেকে বাংলাদেশি কাস্টমস ও ইমিগ্রেশন পুলিশকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।

গতকাল রবিবার সকাল সাড়ে ১০টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাব পিলারসংলগ্ন শূন্যরেখায় ভারতের হিলি বিএসএফের ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর রোহিত শর্মা বিজিবির হিলি আইসিপি কোম্পানি কমান্ডার সুবেদার শাহাদৎ হোসেনের হাতে মিষ্টি তুলে দিয়ে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানান। পরে বিজিবির পক্ষ থেকেও বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানানো হয়। এ সময় সেখানে উভয় বাহিনীর নারী ও পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে ভারতের হিলি কাস্টমসের সুপার মধূসুদন দত্ত বাংলাদেশের হিলি স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা শফিউল ইসলামের হাতে মিষ্টি উপহার দিয়ে তাদের প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানান।