জেডিএস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

বাংলাদেশের মানবসম্পদ উন্নয়নে জাপান সরকার প্রদত্ত জেডিএস বৃত্তিপ্রাপ্ত স্কলারসদের অ্যালামনাই সংগঠনের নতুন কমিটি গঠিত হয়েছে।

গত শনিবার রাজধানীর একটি হোটেলে এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির সদস্যরা বার্ষিক সাধারণ সভায় মিলিত হন এবং আগামী দুই বছরের (২০২৫-২৬) জন্য নতুন কার্যকরী কমিটি গঠন করেন। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব মোহাম্মদ হাসান আরিফকে কমিটির সভাপতি ও অর্থ বিভাগের যুগ্ম সচিব ড. নাজমুস সায়াদাতকে মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়।

দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম পর্বে জাপান থেকে আসা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা টেকসই উন্নয়ন এবং বিষয়ভিত্তিক বিভিন্ন উপস্থাপনা করেন। শতাধিক জেডিএস ফেলো সেমিনারে অংশগ্রহণ করেন।

পরবর্তী অংশে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা সিনিচি, পরিকল্পনা বিভাগের সচিব ইকবাল আবদুল্লাহ হারুন, বাংলাদেশে জাইকার প্রধান প্রতিনিধি তোমোহিদে ইচিগুচি, ইআরডির অতিরিক্ত সচিব মোহাম্মদ হাসান আরিফ ও যুগ্ম সচিব ড. নাজমুস সায়াদাত। আলোচকরা জাপান-বাংলাদেশ সম্পর্ক দৃঢ় করতে জেডিএস ফেলোদের ‘গেম চেঞ্জার’-এর ভূমিকা পালন করার আহ্বান জানান।

এ ছাড়া অনুষ্ঠানে বাংলাদেশের উন্নয়নে বিভিন্ন সেক্টরে জেডিএস ফেলোদের গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরা হয়। এ সময় জাপান বাংলাদেশ সম্পর্ক নিয়ে আয়োজিত ‘সেøাগান লেখা’ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি