হত্যাকারীকে গ্রেপ্তার না করায় আতঙ্কে ভুক্তভোগীরা

সাভারে ব্যবসায়ী শাহাবুদ্দিন হত্যা মামলার স্বীকারোক্তি প্রদানকারী প্রধান আসামি ফয়সালকে গ্রেপ্তার করায় আতঙ্কে দিন পার করছেন নিহতের স্বজন ও সাক্ষীরা। বারবার সাক্ষী ও স্বজনদের হত্যার হুমকি দেওয়ায় সাভার মডেল থানায় সাধারণ ডায়েরি করে পুলিশ ও স্থানীয় সেনাক্যাম্পে সহযোগিতা চাওয়া হয়। কিন্তু পুলিশকে একাধিকবার বলার পরও কোনো ব্যবস্থা নেয়নি। এ পরিস্থিতিতে গত ২০ জানুয়ারি হত্যাকারী ফয়সাল তার সন্ত্রাসী বাহিনী নিয়ে হামলা চালিয়ে আহমেদ সানি, তার মা সেলিনা বেগমসহ তিন মামাকে কুপিয়ে হত্যার চেষ্টা চালায়।

এ ঘটনায় আহমেদ সানি গুরুতর অবস্থায় আইসিউতে ভর্তি থাকায় তার মা সেলিনা বেগম বাদী হয়ে স্থানীয় ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মুরাদ হোসেনসহ ৯ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। পরে পুলিশ গভীর রাতে বাদীকে মিথ্যা কথা বলে থানায় ডেকে নিয়ে মুরাদ হোসেনের নাম বাদ দিয়ে নতুন অভিযোগে স্বাক্ষর করে মামলা নিয়েছে বলে অভিযোগ করেন বাদী সেলিনা বেগম। এ ছাড়া কোপানোর সিসিটিভি ফুটেজ ভাইরাল হওয়ার পরও পুলিশ হত্যাকারী ও সন্ত্রাসীদের সঙ্গে আঁতাত করে তাদের গ্রেপ্তার করছে না বলে অভিযোগ করেন আহত মো. শাহীন। গতকাল রবিবার দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের যাদুরচর এলাকার নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে পুলিশের বিরুদ্ধে এসব অভিযোগ করেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগী শাহীন অভিযোগ করেন, মামলায় মুরাদের নাম দেওয়া হয়েছে কারণ মুরাদের নেতৃত্বে সন্ত্রাসীরা এলাকায় মহড়া দেয় এবং মুরাদ হত্যাকারী ফয়সালকে ফুল দিয়ে বরণ করে। মুরাদ যদি ঘটনার সঙ্গে জড়িত না থাকে তাহলে তদন্তের মাধ্যমে পুলিশ তাকে বাদ দিতে পারত। তা না করে মুরাদের কাছ থেকে সুবিধা নিয়ে মিথ্যা কথা বলে বাদীকে ডেকে নিয়ে নাম বাদ দিয়েছে। পরে আমরা আহতরা মুরাদের নামে মামলা করতে চাইলেও ওসি জুয়েল মিয়া আমাদের মামলা নেয়নি। বিষয়টি নিয়ে আমরা প্রয়োজনে আদালতে মামলা করব।