নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, প্রশ্নবিদ্ধ নির্বাচনের কারণে সব প্রতিষ্ঠানের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হয়েছিল। তাই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচন কমিশনসহ সব প্রতিষ্ঠানের ভাবমূর্তি পুনরুদ্ধার করা হবে। নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা। আমরা সংসদীয় নির্বাচনকে সামনে রেখে কাজ করে যাচ্ছি। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকার সিদ্ধান্ত গ্রহণ করলে তখন নির্বাচন কমিশন সহায়তা করবে। এছাড়া নির্বাচনে কোন কোন দল অংশগ্রহণ করতে পারবে তা নিয়ে বিচারিক প্রক্রিয়া, রাজনৈতিক সিদ্ধান্ত ও ঐকমত্যের বিষয় রয়েছে।
গতকাল রবিবার সকালে রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।