ছাগলকাণ্ডে আলোচিত মতিউরকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

ছাগলকাণ্ডে আলোচিত এনবিআর’র সাবেক কর্মকর্তা মতিউর রহমানকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় জামিন নামঞ্জুর করে জেলগেটে তিন দিনের জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার (২৭ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত শুনানিতে রিমান্ড আবেদনের প্রেক্ষিতে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়।

এর আগে, সোমবার সকালে মতিউর রহমানকে কারাগার থেকে আদালতে আনা হয়। এরপর দুদকের পক্ষ থেকে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদনের ওপর শুনানি হয়। আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত মতিউরকে ৩ দিন জেলগেটে জিজ্ঞাসাবাদ করতে দুদককে আদেশ দেন।

এর আগে গতকাল রোববার মতিউর রহমানের স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকিকে অবৈধ সম্পদ অর্জনের মামলায় জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়। ঢাকা মহানগর দায়রা ও সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব তাঁর জামিন ও রিমান্ড আবেদন নামঞ্জুর করে একদিনের জেলগেট জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

গত ৬ জানুয়ারি মতিউর ও তার পরিবারের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রত্যেক মামলায় মতিউর রহমানকে আসামি করা হয়েছে।

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গত ১৫ জানুয়ারি মতিউর ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে পুলিশ। তারপর থেকে তারা কারাগারে রয়েছেন।

উল্লেখ্য, গত বছর কোরবানির জন্য ১৫ লাখ টাকা দামে ছাগল কেনার ফেইসবুক পোস্ট ঘিরে মতিউর রহমানকে নিয়ে সোশাল মিডিয়ায় সমালোচনা শুরু হয়। এরপর তার আয় নিয়ে অনুসন্ধানে ব্যাপক অবৈধ সম্পদের খবর উঠে আসে।