নাসিকের সাবেক প্যানেল মেয়র ৭ দিনের রিমান্ডে

নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার পৃথক ৩টি হত্যা মামলায় সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক ও নাসিকের সাবেক প্যানেল মেয়র মতিউর রহমান মতিকে ৭দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাসুদের আদালতে সদর মডেল থানায় দায়েরকৃত স্বজন হত্যা মামলায় গ্রেপ্তার মতির ৭ দিনের রিমান্ড চেয়ে হাজির করে পুলিশ। শুনানি শেষে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাফিয়া শারমিন আদালতে সিদ্ধিরগঞ্জ থানায় দায়েরকৃত পৃথক ২টি হত্যা মামলায় মতিকে ১৪ দিনের রিমান্ড চেয়ে হাজির করে পুলিশ। আদালত শুনানি শেষে তাকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
 
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক কাইউম খান জানান, সদর ও সিদ্ধিরগঞ্জের পৃথক ৩টি মামলায় মতিউর রহমান মতিকে ৭দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

এর আগে গত ১৩ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতি (৫৫) ও তার ছেলে বাবুইকে গ্রেপ্তার করে ডিএমপির ভাটারা থানা-পুলিশ। গ্রেপ্তারকৃত মতিউর রহমান মতি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার ৬ নম্বর ওয়ার্ডের মৃত বাদশা মিয়ার ছেলে।