বিদেশীদের নিয়েই 'শেষ ম্যাচ' খেলতে নামছে দুর্বার রাজশাহী

বাংলাদেশ প্রিমিয়ার লিগে সন্ধায় দিনের দ্বিতীয় ম্যাচে খেলতে নামবে দুর্বার রাজশাহী। যেখানে তাদের প্রতিপক্ষ সিলেট স্ট্রাইকার্স। আজকের ম্যাচেও কী বিদেশি ক্রিকেটারবিহীন রাজশাহীকে দেখা যাবে? এমন প্রশ্ন বিপিএল সমর্থকদের মনে উঠতেই পারে। 

তবে জানা গেছে, আজকের ম্যাচের আগে সেই সমস্যার সমাধান করতে পেরেছে ফ্র্যাঞ্চাইজিটি। ফলে বিদেশি ক্রিকেটারদের নিয়েই সিলেটের বিপক্ষে মাঠে নামবে রাজশাহী।

ইতোমধ্যেই দুই বিদেশী রায়ান বার্ল ও মোহাম্মদ হারিসকে দেখা গেছে মিরপুর স্টেডিয়ামে। 

রবিবার দুপুরে পুরাতন টিম হোটেল থেকে হঠাৎ করে নতুন হোটেলে চেক ইন করে রাজশাহী দল। ম্যাচের দিন হোটেল বদল করায় বিরক্ত হন দলের ক্রিকেটাররাও। পরবর্তীতে গুঞ্জন উঠে পারিশ্রমিক না পেলে ম্যাচ বয়কট করবেন দলের বিদেশি ক্রিকেটাররা। 

বিকেল নাগাদ নিজের ভেরিফাইড ফেসবুক থেকে এক পোস্টে একটি ছবি প্রকাশ করেন দলটির সাবেক অধিনায়ক এনামুল হক বিজয়। যেখানে তিনিসহ আরও ১২ জন ক্রিকেটার। সেখানে সবার হাতে একটি খাম দেখা যায়। ধারণা করা হয় দেশিরা পারিশ্রমিক পেয়েছেন এই খামে করে। এরপর দেশি ক্রিকেটারা মাঠে আসলেও দেখা যায়নি দলটির বিদেশি কোনো ক্রিকেটারকে।

শেষপর্যন্ত পারিশ্রমিক ইস্যুতে গতকালের ম্যাচটি বয়কট করে দুর্বারদের বিদেশি ক্রিকেটাররা। আর বিপিএলের গঠনতন্ত্র অনুযায়ী, অন্তত দুইজন বিদেশি ক্রিকেটার নিয়ে একাদশ সাজাতে হয়। এমন অবস্থায় বিপিএল টেকনিক্যাল কমিটির বিশেষ অনুমতিতে কোনো বিদেশি ছাড়াই ম্যাচ খেলার সুযোগ পায় রাজশাহী।

আজ আর সেই সুযোগ দেবে না টেকনিক্যাল কমিটি। তাই বিদেশী নিয়েই খেলতে নামছে ১১ ম্যাচে ১০ পয়েন্ট পাওয়া দুর্বার রাজশাহী।