নোয়াখালী

নিখোঁজের ৭ দিন পর পুকুরে ভাসছিল শিশু মেয়াদুলের লাশ

নোয়াখালী বেগমগঞ্জ থেকে ১৮ মাস বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিক শিশুর মৃত্যুর কোনো কারণ জানাতে পারেনি পুলিশ। সোমবার (২৭ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার জাহানাবাদ গ্রামের মনির হোসেনের বাড়ির পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত মেয়াদুল ইসলাম একই গ্রামের মনির হোসেনের বাড়ির রনির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মেয়াদুলের বাবা পেশায় একজন সিএনজিচালিত অটোরিকশা চালক। গত মঙ্গলবার সকাল ১০টার দিকে মেয়াদুলের বাবা তাকে বাড়ির পাশের একটি দোকানে নিয়ে চকলেট কিনে দেয়। এরপর শিশুটি তার বোনের সাথে বাড়িতে চলে আসে। পরে বেলা সাড়ে ১০টার দিকে বাড়ির উঠান থেকে মেয়াদুল গত ৭ দিন ধরে নিখোঁজ ছিল। সোমবার বিকেল পৌনে ৪টার দিকে বাড়ির পাশে পাশাপাশি দুটি পুকুরের একটির মধ্যে মেয়াদুলের খালা ভাগনের লাশ ভাসতে দেখে। খবর পেয়ে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।

বেগমগঞ্জ থানার ওসি লিটন দেওয়ান বলেন, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।