'লাস্ট'-এর বদনাম ঘুচলো বাংলাদেশের

তৃতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। পয়েন্ট তালিকার নবম স্থানে থেকে চক্র শেষ করেছে বাবর আজমের দল। টেস্ট চ্যাম্পিয়নশিপের আগের দুই চক্রে বাংলাদেশ হয়েছিল 'লাস্ট'। তবে এবার মুলতানে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১২০ রানে হেরে পাকিস্তান হলো এবার লাস্ট। 

টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার তালিকার একেবারে তলানিতে থেকে (২৭.৯৮ শতাংশ পয়েন্ট) চক্র শেষ করল পাকিস্তান। সপ্তম স্থানে (৩১.২৫ শতাংশ) চক্র শেষ করেছে বাংলাদেশ, অষ্টম স্থানে (২৮.২১ শতাংশ) ওয়েস্ট ইন্ডিজ।

পাকিস্তানের ওপরে থাকার বড় কারণ, বাংলাদেশ তাদের মাটিতে গিয়ে দুই টেস্টের সিরিজ জিতেছিল ক'মাস আগে। 

দুই বছর ধরে চলা টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকার শীর্ষ দুটি দল ফাইনালে খেলে। এ বছর সব ম্যাচ শেষ করার আগেই ফাইনালে জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়া (৬৩.৭৩ শতাংশ) ও দক্ষিণ আফ্রিকা (৬৯.৪৪ শতাংশ)। অস্ট্রেলিয়ার অবশ্য এখনো দুটি ম্যাচ বাকি। বুধবার থেকে শুরু অস্ট্রেলিয়া–শ্রীলঙ্কা দুই টেস্টের সিরিজ দিয়েই ২০২৩–২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের লিগ পর্বের ম্যাচ শেষ হবে।

লর্ডসে আগামী জুনে ফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া–দক্ষিণ আফ্রিকা।