গাজায় মসজিদ নির্মাণ করবে ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়ায় মসজিদ নির্মাণ এবং মসজিদের সংস্কার ও উন্নয়নে কাজ করে ‘দেওয়ান মসজিদ ইন্দোনেশিয়া’ (ডিএমআই) নামক এক জাতীয় সংস্থা। যা বিশ্বব্যাপী ‘ইন্দোনেশিয়ান মসক কাউন্সিল’ হিসেবে পরিচিত। ইন্দোনেশিয়ার এই মসজিদ কাউন্সিল সম্প্রতি গাজার যুদ্ধবিধ্বস্ত জনগণের জন্য এক মহৎ উদ্যোগ গ্রহণ করেছে। সংস্থাটি গাজায় দশটি মসজিদ নির্মাণের ঘোষণা করেছে। যুদ্ধবিরতির পর পুনর্গঠন কার্যক্রমের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

মসজিদ কাউন্সিলের চেয়ারম্যান জুসুফ কাল্লা এই উদ্যোগের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘সব কিছুর সঙ্গে আধ্যাত্মিক জীবনের পুনর্গঠনও গুরুত্বপূর্ণ। বিশেষ করে যখন মানুষ এমন কঠিন সময়ের মুখোমুখি হয়।’ গত শনিবার ডিএমআই-এর কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এই মন্তব্য করেন।

গাজার শরণার্থী শিবিরগুলোতে রমজানের আগেই কিছু মসজিদ নির্মাণ সম্পন্ন করার পরিকল্পনা করা হয়েছে। শনিবার জুসুফ কাল্লা সরাসরি হামাস প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করে প্রকল্পের স্থান নির্ধারণ ও বাস্তবায়ন কার্যক্রম চূড়ান্ত করেছেন।

ডিএমআই-এর এই পদক্ষেপ যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনিদের জন্য একটি নতুন আশার আলো হিসেবে দেখা দিয়েছে। তারা উল্লেখ করেছে, বর্তমান যুদ্ধবিরতি ফিলিস্তিনি জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ, যা দীর্ঘমেয়াদি শান্তির সম্ভাবনা তৈরি করতে পারে। ১৫ মাসব্যাপী এই যুদ্ধে গাজার অবকাঠামো চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংস হয়েছে অসংখ্য বাড়িঘর, স্কুল, হাসপাতাল, পানির লাইন ও বিদ্যুৎব্যবস্থা। মসজিদের মতো গুরুত্বপূর্ণ স্থানগুলোও এর বাইরে ছিল না।

সূত্র : সি টুডে