গ্র্যামি মাতাবেন যারা

আগামী ২ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো ডটকম অ্যারেনায় বসবে ৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের আসর। এবারের গ্র্যামি সঞ্চালনা করবেন কমেডিয়ান ট্রেভর নোয়া। বেশ কিছু গণমাধ্যম এবারের গ্র্যামিতে পারফর্ম করা শিল্পীদের তালিকা প্রকাশ করেছে।

জানা গেছে, এ তালিকায় রয়েছেন পপশিল্পী সাবরিনা কারপেন্টার, চার্লি এক্সসিএক্স ও চ্যাপেল রোয়ন, যারা সবাই এই পুরস্কার অনুষ্ঠানে মনোনীত হয়েছেন।

এ ছাড়া বেনসন বুন, বিলি আইলিশ, ডোচি, রেই, শাকিরা ও টেডি সুইমসও ২ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসের মঞ্চে উঠবেন।

গত বছর আলোচিত তরুণ গায়ক বেনসন বুন। ২২ বছর বয়সী এই শিল্পীর অ্যালবাম ফায়ারওয়ার্কস অ্যান্ড রোলারব্লেডস মুক্তির পর বিশ্বজুড়ে তরুণদের রীতিমতো নাড়িয়ে দিয়েছিল। তাকেও পারফর্ম করতে দেখা যাবে। দুই তরুণ গায়িকা রে ও ডোচির পারফরম্যান্সের দিকেও চোখ থাকবে ভক্তদের।

গ্র্যামিতে এবার সর্বোচ্চ ১১টি মনোনয়ন পেয়েছেন বিয়ন্সে। বিয়ন্সে এবারের আসরে পারফর্ম করবেন কি না, নিশ্চিত নয়, তবে এ সময়ের জনপ্রিয় তারকাদের গাইতে শোনা যাবে।