ক্ষমতার লোভ আর সংসদের আসনের লোভ দেখিয়ে তরুণ প্রজন্মকে কেনা যাবে না। আমাদের হাসিনা কিনতে পারেনি, আওয়ামী লীগ কিনতে পারেনি। এই তরুণ প্রজন্মের সঙ্গে আপনারা বেইমানি না করে বরং জন-আকাক্সক্ষার প্রতিফলন ঘটানোর চেষ্টা করুন। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে চুয়াডাঙ্গা রাইজিং ছাত্র-জনতার মতবিনিময় সভায় অংশ নিয়ে এ কথা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।
হাসনাত আরও বলেন, ‘আওয়ামী লীগ আগামীতে নির্বাচনে আসবে কী আসবে না, রাজনীতি করবে কী করবে না, এসব আলাপ আলোচনা অনেক পরে। তার আগে খুনি হাসিনার বিচার নিশ্চিত করতে হবে, ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামালের বিচার নিশ্চিত করতে হবে। এ ছাড়া আওয়ামী লীগের কমিটি ধরে বিচার করতে হবে। বিচারের আগে যারা আওয়ামী লীগকে রাজনীতিতে দেখতে চান, তাদের বলতে চাই, যারা আমাদের জুলাই গণঅভ্যুত্থানে দেখেছেন, তাদের হারানোর কিছু নেই। আওয়ামী লীগের নির্বাচনে আসার আলাপ বাদ দিয়ে প্রত্যেক রাজনৈতিক দল থেকে তাদের বিচার নিশ্চিতের আওয়াজ তুলুন।’
রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেন, ‘ক্ষমতামুখী না হয়ে জনতামুখী হন। যারা ক্ষমতামুখী হয়েছে, তাদের দেশ ছেড়ে পালাতে হয়েছে। আপনারা জনতামুখী হলে তরুণ প্রজন্মের সঙ্গ পাবেন।’
পুলিশ প্রশাসনের উদ্দেশে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘হাসিনার পথ অনুসরণ করার দরকার নেই, ক্ষমতা কাঠামোকে অনুসরণ করার দরকার নেই। আপনারা যদি রাজনৈতিক দলের দালালি করেন, তাহলে হারুন-বেনজীরের মতো দেশ ছেড়ে পালাতে হবে।’