বুমরা-ওমরজাইয়ের ‘প্রথম’

আইসিসি একে একে ২০২৪ বর্ষসেরাদের নাম ঘোষণা করছে। তারই ধারাবাহিকতায় গতকাল ঘোষণা করা হয়েছে বর্ষসেরা টেস্ট ও ওয়ানডে ক্রিকেটারের নাম। বর্ষসেরা টেস্ট খেলোয়াড় হয়েছেন ভারতীয় পেসার জাসপ্রিত বুমরা। আর বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড় হয়েছেন আফগানিস্তানের অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই। প্রথম আফগানি হিসেবে আইসিসির বর্ষসেরা পুরস্কার জিতলেন তিনি।

গেল বছর ১৩ টেস্টে ১৪.৯২ গড়ে ৭১ উইকেট জাসপ্রিত বুমরার। টেস্ট ইতিহাসে এক পঞ্জিকাবর্ষে তার চেয়ে কম বোলিং গড়ে ৭০ উইকেট নেই আর কারও। ২০২৪ সালে নিজেদের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে ৪-১ ব্যবধানে জেতা সিরিজে নিয়েছেন ১৯ উইকেট। সর্বশেষ বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ৩২ উইকেট নিয়ে সিরিজ সেরাও হয়েছেন। ৩১ বছর বয়সী এই পেসার সেই সিরিজেই বিশে^র প্রথম বোলার হিসেবে ২০-এর কম গড়ে ২০০ টেস্ট উইকেট নেওয়ার মাইলফলক স্পর্শ করেন। গণমাধ্যম প্রতিনিধি, আইসিসি ভোটিং একাডেমি এবং সমর্থকদের ভোটে ইংল্যান্ডের জো রুট, হ্যারি ব্রুক ও শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিসকে পেছনে ফেলেছেন বুমরা। ভারতের প্রথম পেসার এবং ষষ্ঠ ক্রিকেটার হিসেবে এই স্বীকৃতি পেলেন বুমরা।

২০২৪ সালে ১৪ ম্যাচে ৫২.১২ গড়ে ৪১৭ রান করেন আজমতউল্লাহ ওমরজাই। বল হাতে ২০.৪৭ গড়ে শিকার করেন ১৭ উইকেট। ওমরজাই পুরস্কার জিততে পেছনে ফেলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা, কুশাল মেন্ডিস ও শেরফান রাদারফোর্ডকে।