‘টাকা না থাকলে দলও থাকা উচিত না’, বাংলাদেশ প্রিমিয়ার লিগে বকেয়া পারিশ্রমিকের কারণে দুর্বার রাজশাহীর খেলোয়াড়দের মাঠে না নামা প্রসঙ্গে এমনটাই বলেছেন দাউইদ মালান। ফরচুন বরিশালের হয়ে খেলা এই ইংরেজ ক্রিকেটার এসেছিলেন ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে। সেখানে খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচের প্রসঙ্গের পাশাপাশি মালানকে উত্তর দিতে হয়েছে বিপিএলের চলমান বিতর্ক নিয়েও। এখন পর্যন্ত নিজের পারিশ্রমিক বুঝে পেয়েছেন মালান, তবে রাজশাহীর বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়াটা তার কাছে হতাশাজনক।
সংবাদ সম্মেলনে প্রশ্নের উত্তরে মালান বলেছেন, ‘দেখুন, এ নিয়ে কথা বলাটা কঠিন। আমি যে দলের সঙ্গে নেই, সেই দল সম্পর্কে মন্তব্য করতে চাচ্ছি না। তবে সাধারণভাবে দেখলে, যে টুর্নামেন্টেই খেলি না কেন, সেখানকার মৌলিক বিষয়গুলো ঠিক থাকাটা গুরুত্বপূর্ণ। আমাদের কাজ হচ্ছে ক্রিকেট খেলা, আর আরেকজনের কাজ হচ্ছে আমাদের পারিশ্রমিক প্রদান করা। আশা করি সামনের দিনগুলোতে এই সমস্যাগুলো হবে না, কারণ এই সমস্যাগুলোর সমাধান করা খুব সহজ। কারও কাছে যদি দেওয়ার মতো টাকা না থাকে, তাহলে তার হাতে দলের মালিকানা থাকাও উচিত না। ব্যাপারটা এতটাই সহজ হওয়া উচিত। নিয়মটা এ রকমই হওয়া দরকার। আমি আসলে এই আলোচনার মধ্যে নেই, আর আমি যে দলের সঙ্গে আছি সেই দলটা খুবই চমৎকার, আর এখন পর্যন্ত আমার সঙ্গে কিছু হয়নি। আশা করি ভবিষ্যতেও কোনো সমস্যা হবে না। এসব সমস্যাগুলো খুব সহজেই সমাধান করা যায়।’
মালানের মতো তারকাখ্যাতি নেই উইল বোসিস্টোর। অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ বিশ^কাপ জয়ী দলের অধিনায়ক বোসিস্টোর ক্যারিয়ারটা পরের দিকে খুব একটা এগোয়নি। বিপিএল খেলতে এসেছেন প্রথমবার, আসার আগে খেলে যাওয়া কোনো অস্ট্রেলিয়ান ক্রিকেটারের সঙ্গে আলাপও করেননি। সুযোগটা পেয়েই লুফে নিয়েছেন। বোসিস্টো বললেন তিনি চুক্তি অনুযায়ী টাকা পেয়েছেন, ‘আমার সঙ্গে চুক্তি যা হয়েছিল তা অনুযায়ী এখন পর্যন্ত সবকিছু ঠিকই আছে। অন্যান্য ফ্র্যাঞ্চাইজিতে অনেক অনিয়ম হচ্ছে, সেটা শুনে আমি একটু হতাশ। তবে আমাদের ফ্র্যাঞ্চাইজিতে এখন পর্যন্ত সবকিছু ঠিকই আছে।’
অনিয়মের জন্য বিপিএলের ভাবমূর্তি ক্ষুণœ হচ্ছে কি না, এমন প্রশ্নে তার উত্তর, ‘এটা আসলে মতামতের ওপর নির্ভরশীল। একজন খেলোয়াড় হিসেবে আমার দায়িত্ব আমার সামর্থ্যরে শতভাগ দিয়ে পারফর্ম করা, নিজেকে শতভাগ তৈরি রাখা। একজন ফ্র্যাঞ্চাইজি মালিকের কর্তব্য হচ্ছে চুক্তিপত্রের প্রতি অনুগত থাকা, খেলোয়াড়দের চুক্তির মর্যাদা করা। সেটা কোথাও যদি না হয় তাহলে সেটা হতাশাজনক।’
যে দলটির পারিশ্রমিক নিয়ে হইচই পড়ে গেছে, সেই দুর্বার রাজশাহী দলের বিদেশি ক্রিকেটাররা কাল মালিকদের কাছ থেকে আশ্বস্ত হয়ে গতকাল মাঠে নেমেছে।