প্রথম ধাপে প্রায় ৮ হাজার বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় যাবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। তিনি আরও বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুর্নীতি মামলার তথ্য দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে এখনো পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেনি।
গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এসব কথা বলেন মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম।
প্রথম ধাপে মালয়েশিয়া যাবেন প্রায় ৮ হাজার কর্মী : পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম জানিয়েছেন, প্রথম ধাপে মালয়েশিয়ায় সাত হাজার ৯৬৪ জন কর্মী যাবেন। তাদের ইতিমধ্যেই যোগ্য হিসেবে নির্বাচিত করা হয়েছে। মুখপাত্র রফিকুল আলম জানান, গত বছরের ৫ ডিসেম্বর মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসিউশন ইসমাইলের সঙ্গে তার দপ্তরে সাক্ষাৎ করেন। সেখানে ২০২৪ সালের ৩১ মের মধ্যে মালয়েশিয়ায় যেতে না পারা প্রায় ১৮ হাজার বাংলাদেশি শ্রমিকের বিষয়টি আলোচনা করা হয়। মালয়েশিয়ায় পর্যায়ক্রমে তাদের নেওয়ার জন্য দেশটির ইমিগ্রেশন এবং বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধিদের সমন্বয়ে একটি জয়েন্ট টেকনিক্যাল গ্রুপ গঠনের প্রস্তাব করেন সাইফুদ্দিন নাসিউশন ইসমাইল।
তিনি আরও বলেন, জয়েন্ট টেকনিক্যাল গ্রুপ গঠনের পর গত বছরের ৩১ ডিসেম্বর ও চলতি বছরের ১৪ জানুয়ারি দুটি বৈঠক হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে ১৭ হাজারের বেশি শ্রমিকের তালিকা মালয়েশিয়ার স্টেক হোল্ডারদের সঙ্গে তথ্য যাচাই করে প্রাথমিকভাবে সাত হাজার ৯৬৪ জন শ্রমিকের একটি তালিকা সম্পর্কে অবহিত করেছে। যাদের প্রথম ধাপে মালয়েশিয়া প্রবেশের জন্য যোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে।
কী প্রক্রিয়ায় শ্রমিকরা মালয়েশিয়া যাবেন জানতে চাইলে রফিকুল আলম বলেন, এটা জয়েন্ট টেকনিক্যাল কমিটি নির্ধারণ করবে। তারা আলোচনা করে সিদ্ধান্ত নেবে।
পুতুলের দুর্নীতি মামলার তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখনো আসেনি : মুখপাত্র রফিকুল আলম জানান, দুর্নীতি দমন কমিশন থেকে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুর্নীতি মামলার তথ্য এখনো পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেনি।
সায়মা ওয়াজেদ পুতুলের কানাডার নাগরিকত্ব আছে কি না জানতে চাইলে মুখপাত্র বলেন, তার দ্বৈত নাগরিকত্বের বিষয়ে আমাদের কাছে তথ্য নেই। এ বিষয়ে প্রি ম্যাচিউরড তথ্য দেওয়া ঠিক হবে না।
সায়মা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। পূর্বাচলে প্লট পেতে জালিয়াতির অভিযোগে সায়মা ওয়াজেদ, তার মা শেখ হাসিনাসহ পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এ ছাড়া পুতুলের বিরুদ্ধে কানাডার নাগরিকত্ব থাকার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে সংস্থা।
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠাবে দুদক।
শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিস প্রসঙ্গ : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিস জারি করা নিয়ে কোনো হালনাগাদ তথ্য না থাকার বার্তা দিয়েছেন মোহাম্মদ রফিকুল আলম। তিনি বলেন, কোনো দেশ থেকে সন্দেহভাজন অপরাধীর তথ্য দিয়ে সংশ্লিষ্ট দেশ ইন্টারপোলের রেড নোটিস জারি করতে পারে। রেড নোটিস ইন্টারপোলের আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানার সমতুল্য।
ভারতীয় প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে উপদেষ্টাদের উপস্থিতি স্বাভাবিক ঘটনা : পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মোহাম্মদ রফিকুল আলম জানিয়েছেন, ভারতের প্রজাতন্ত্র দিবসে সরকারের উপদেষ্টাদের উপস্থিতি খুব স্বাভাবিক ঘটনা। কোনো দেশের প্রজাতন্ত্র বা জাতীয় দিবসে তারা যেতেই পারেন।
গত শনিবার ভারতীয় প্রজাতন্ত্র দিবসে উপদেষ্টাদের দেখা গেছে। এর মধ্য দিয়ে ভারতের সঙ্গে সম্পর্কের বরফ গলছে কি না, জানতে চাইলে মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম বলেন, আপনারা সব সময় দেখে আসছেন পররাষ্ট্র উপদেষ্টা সবসময় বলে আসছেন, সব দেশের সঙ্গেই সুসম্পর্ক আশা করেন। আর এখানে উপদেষ্টাদের উপস্থিতি আলাদাভাবে দেখার কোনো কারণ আমি দেখছি না। কোনো দেশের প্রজাতন্ত্র দিবস বা জাতীয় দিবসের অনুষ্ঠানে সব সময় একজন প্রধান অতিথি থাকেন, উচ্চ পর্যায়ের প্রতিনিধি থাকেন, এটা স্বাভাবিক একটি ঘটনা। সেই ঘটনার ধারাবাহিকতায় এখানেও আপনারা প্রধান অতিথিকে উপস্থিত থাকতে দেখেছেন। এখানে আরও অনেকেই উপস্থিত ছিলেন। আমরা সব সময় মনে করি, বাংলাদেশ সবার সঙ্গেই সুসম্পর্ক প্রত্যাশা করে, আর বাংলাদেশের কার্যক্রম সেভাবেই পরিচালিত হয়ে থাকে।
এর আগে ২৫ জানুয়ারি ঢাকায় ভারতীয় প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে সরকারের কয়েকজন উপদেষ্টা অংশ নেন।