এবারের নির্বাচনে আস্থাহীনতার জায়গা থাকবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেছেন, ‘সার্বিকভাবে নির্বাচনে স্বচ্ছতা আনা এবং সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করা শুধুমাত্র একটি বাড়ি বা একটি প্রতিষ্ঠান দ্বারা সম্ভব না। একদম শুরু থেকেই সঠিক ভোটার তালিকা করে ফলাফল ডিক্লেয়ার করা পর্যন্ত এটি একটি সামগ্রিক প্রক্রিয়া। আমি বিশ্বাস করি, এবারের নির্বাচনে আস্থাহীনতার জায়গাটা থাকবে না।’
গতকাল সোমবার নীলফামারী সরকারি কলেজ হলরুমে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে সদর উপজেলা নির্বাচন কার্যালয় আয়োজিত তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার ও নতুন ভোটারদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আবুল ফজল মো. সানাউল্লাহ বিগত নির্বাচনগুলো নিয়ে তিনি বলেন, ‘আমরা চাইলেও রাতারাতি সব লোককে যারা পূর্ববর্তী নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত ছিল, অপসারণ করতে পারব না। এটা সম্ভব নয়। তাহলে আমাদের যেটা করতে হবে, দেখতে হবে যে কারা এখানে অংশীজন বনে গিয়েছিল আর কারা বাধ্য হয়েছিল। আমাদের অধীনে যারা নির্বাচন করবে তারাও সৎ থাকতে বাধ্য।’
তিনি উল্লেখ করে বলেন, নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনে একটা প্রস্তাব এসেছে যে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞার মধ্যে সশস্ত্র বাহিনীকে সংযুক্ত করা। আমরা অপেক্ষা করি, দেখি এটা সংযুক্ত হয় কি না। হলে পরে একটা ভ্যালু অ্যাড হবে বলে আমরা আশা করি। পাশাপাশি আমরাও নির্বাচন কমিশনের পক্ষ থেকে সুপারিশ করেছি যে, বিএনসিসিকেও এটার সঙ্গে সংযুক্ত করা। সর্বোপরি আমি মনে করি, আগামী নির্বাচনে আমরা সবাই অত্যন্ত সচেতন থাকব, সজাগ থাকব এবং সেই পরিস্থিতি তৈরি হয়েছে।
নির্বাচনের চ্যালেঞ্জ নিয়ে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, নির্বাচনে তো কিছু চ্যালেঞ্জ থাকে। তবে এবারের নির্বাচনে আমরা চ্যালেঞ্জের থেকে সুবিধা বেশি দেখতে পাচ্ছি। বর্তমানে যেসব রাজনৈতিক দল মাঠে-ময়দানে নির্বাচনের কথা বলছে, তারা দীর্ঘদিন গণতন্ত্র পুনরুদ্ধার, সঠিক নির্বাচন, সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন কমিশন ইত্যাদি নিয়েই দাবি তুলেছে, কথা বলেছে। আমার মনে হয়, আমাদের সময় এসেছে তাদের কাছে দাবি করা, আপনারা এতদিন ধরে যে দাবি নিয়ে আন্দোলন করেছেন, আমাদের এই দাবি পূরণ করার সুযোগ করে দেন।’
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মাহাবুবুর রহমান ভূঁইয়া, রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।
আমরা রঙহীন স্বচ্ছ পাত্রের মতো থাকতে চাই :
এদিকে গতকাল বেলা ১১টার দিকে পঞ্চগড়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, বর্তমান নির্বাচন কমিশন সম্পূর্ণ রঙহীন স্বচ্ছ পাত্রের মতো কাজ করতে চায়। আপনারা যারা নির্বাচনের দায়িত্বে থাকবেন আপনাদের রঙহীন স্বচ্ছ পাত্রের মতো থাকতে হবে। আমরা সমাজে বাস করি, আমাদের আত্মীয়স্বজন বিভিন্ন মত পথের থাকতে পারে, সেটা যেন আমাদের পেশাদারি দায়িত্বকে প্রভাবিত করতে না পারে।
দেবীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে নতুন ভোটারদের ও উপস্থিত সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
বিকেলে পঞ্চগড় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উপলক্ষে তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার ও নতুন ভোটারদের সঙ্গে এক মতবিনিময় করেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ। সেখানে তিনি বলেন, ‘আমরা নিজেরাই আমাদেরকে প্রশ্ন করে উত্তর পেয়ে যাব যে, আমাদের ভাবমূর্তি অক্ষুন্ন আছে, নাকি ভূলুণ্ঠিত হয়েছে। যদি ভূলুণ্ঠিত হয়ে থাকে, তাহলে আগামী নির্বাচন আমাদের হারানো ভাবমূর্তি ফিরে পাওয়ার নির্বাচন।’
মতবিনিময় সভায় জেলা প্রশাসক মো. সাবেত আলী, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী, জেলা নির্বাচন অফিসার এনামুল হকসহ প্রশাসনের কর্মকর্তা, ভোটার তালিকার তথ্য সংগ্রহকারী, সুপারভাইজারসহ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।।