মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি মামলা ও অভিযোগ নিয়ে তদন্ত করা এক ডজনেরও বেশি বিচার বিভাগের আইনজীবীকে বরখাস্ত করেছে ট্রাম্প প্রশাসন। এসব আইনজীবীরা বিশ্বস্ততার সাথে ট্রাম্পের এজেন্ডা বাস্তবায়ন করবে না এমন ধারনায় তাদের বরখাস্ত করা হয়েছে।
সোমবার এ আদেশ জারির পর পরই অবিলম্বে কার্যকর করা হয়। মঙ্গলবার পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি, রয়টার্স ও সিএনএন।
বিবিসি জানায়, বরখাস্তকৃত কর্মকর্তাদের কাছে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল জেমস ম্যাকহেনরির পাঠানো একটি চিঠিতে বলা হয়েছে, ট্রাম্পের এজেন্ডা নিখুঁতভাবে বাস্তবায়নের জন্য তাদের আর বিশ্বাস করা যায় না। আর তাই ট্রাম্পের বিরুদ্ধে ওঠা দুটি অভিযোগ তদন্তে কাজ করা এক ডজনেরও বেশি কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।
এসব আইনজীবীরা সাবেক স্পেশাল কাউন্সেল জ্যাক স্মিথের সঙ্গে ছিলেন। তারা মূলত ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল উল্টে দিতে ট্রাম্প যে চেষ্টা করেছিলেন সেই অভিযোগের তদন্তের দায়িত্বে ছিলেন। জ্যাক স্মিথকে ২০২২ সালে বিশেষ কাউন্সিল হিসেবে নিয়োগ দেয়া হয় ট্রাম্পের বিরুদ্ধে দুটি ফৌজদারি মামলার বিষয়ে তদন্তের জন্য।
তবে গত বছরের নভেম্বরে নির্বাচনে জয়ের পর ট্রাম্প স্মিথকে শপথ নেয়ার দুই সেকেন্ডের মধ্যেই বরখাস্ত করা হুমকি দিয়েছিলেন। এজন্য জ্যাক স্মিথ ট্রাম্পের শপথ গ্রহণের আগেই পদত্যাগ করেছিলেন।
অন্যদিকে গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প জয়ী হওয়ার পর এ মামলা দুটি কার্যক্রম বন্ধ হয়ে যায়।