ট্রেনের টিকিটেই বাসে ভ্রমণ করতে পারবেন যাত্রীরা

বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের আন্দোলনের কারণে সোমবার (২৭ জানুয়ারি) দিবাগত মধ্যরাত থেকে সারাদেশে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। ফলে যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ কিছু রুটে বিআরটিসি বাসের ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে। এসব বাসে ট্রেনের জন্য কেনা টিকিটেই ভ্রমণ করা যাবে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সোয়া ৯টার দিকে সংবাদমাধ্যমে রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক জরুরি বার্তায় এ কথা জানানো হয়।

বার্তায় বলা হয়, বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির পরিপ্রেক্ষিতে আজ ২৮ জানুয়ারি ২০২৫ তারিখ হতে সারাদেশে রেল যোগাযোগে বিঘ্ন ঘটছে।

এ পরিপ্রেক্ষিতে রেলের বিকল্প হিসাবে গুরুত্বপূর্ণ রেল রুটসমূহে যাত্রী পরিবহনের জন্য বিআরটিসি বাস সার্ভিস চালু করা হয়েছে। ঢাকা রেলওয়ে স্টেশন ও বিমান বন্দর রেলওয়ে স্টেশন হতে চট্রগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, কুমিল্লা, বগুড়া ও ময়মনসিংহগামী যাত্রীগণ তাদের ক্রয়কৃত রেল টিকেটেই বিআরটিসি বাস সার্ভিসের মাধ্যমে ভ্রমণ করতে পারবেন এবং এ সকল স্থান হতে ঢাকাতে এই সার্ভিসের মাধ্যমে আসতে পারবেন।

বার্তায় আরও উল্লেখ করা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই বিআরটিসি বাস সার্ভিস চালু থাকবে।