ইজতেমা মাঠে সংঘর্ষের ঘটনায় আহত একজনের মৃত্যু

গাজীপুরের টঙ্গী ইজতেমা ময়দানে সংঘর্ষের ঘটনায় প্রায় ৪০ দিন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন থাকার পর মিজানুর রহমান (৪০) নামে এক মুসল্লীর মৃত্যু হয়েছে।

সোমবার দিবাগত রাত ৩টার দিকে হাসপাতালটির নিবির পরিচর্যা কেন্দ্রে মারা যান তিনি। তার মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

নিহতের বোনজামাই মোছাদ্দেকুল হক জানান, তার বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার মাস্টার পাড়া চন্দ্রখানা গ্রামে। ব্যবসা করতেন মিজানুর। এক ছেলে ও দুই মেয়ের জনক তিনি।

মোছাদ্দেকুল আরও জানান, জোর ইজতেমায় অংশ নেয়ার জন্য গ্রাম থেকে গত ১৭ ডিসেম্বর টঙ্গী ময়দানে এসেছিলেন মিজানুর রহমান। ১৭ তারিখ দিবাগত রাতে ইজতেমা মাঠে সংঘর্ষের ঘটনা ঘটলে আহত হন তিনি। মুসুল্লিরা তাকে রাতেই টঙ্গী আহাসান উল্লাহ মেডিকেলে নিয়ে যান। সেখান থেকে ১৮ ডিসেম্বর ঢাকা মেডিকেলে নিয়ে এসে আইসিউতে ভর্তি করা হয় তাকে। ঘটনার দুই দিন পর স্বজনরা খোঁজ পেয়ে হাসপাতালে এসে তাকে দেখতে পান। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গত রাতে তিনি মারা গেছেন।

মর্গে উপস্থিত তাবলীগ জামায়াতের মুসল্লীরা দাবি করে বলেন, মিজানুর রহমান সাদপন্থি ছিলেন।

সুরতহাল প্রতিবেদনে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ আলী উল্লেখ করেন, ১৭ ডিসেম্বর দিবাগত রাত ৩টার দিকে টঙ্গী ইজতেমার ময়দানে সংঘর্ষের ঘটনা আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।