এবার বেতনসহ ছুটিতে ইউএসএইডের ৬০ কর্মকর্তা

বিশ্বব্যাপী মার্কিন সাহায্যের ওপর স্থগিতাদেশ জারি করার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইউএসএইডের প্রায় ৬০ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে ছুটিতে পাঠিয়েছে। বিষয়টি সম্পর্কে জানেন এমন একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।

গত সোমবার সন্ধ্যায় ইউএসএইডের কর্মীদের কাছে পাঠানো একটি অভ্যন্তরীণ স্মারকলিপিতে বলা হয়েছে, নতুন নেতৃত্ব সংস্থাটিতে বেশ কয়েকটি বিষয় লক্ষ্য করেছে, যা প্রেসিডেন্টের নির্বাহী আদেশ এবং মার্কিন জনগণের আদেশ এড়িয়ে যাওয়ার জন্য তৈরি বলে মনে হচ্ছে।

রয়টার্সের পর্যালোচনা করা স্মারকলিপিতে ভারপ্রাপ্ত প্রশাসক জেসন গ্রে বলেছেন, আমরা এসব পদক্ষেপ পর্যবেক্ষণ শেষ করার আগ পর্যন্ত এবং পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত ইউএসইডের বেশ কয়েকজন কর্মচারীকে পূর্ণ বেতন এবং সুবিধাসহ প্রশাসনিক ছুটিতে পাঠিয়েছি।

এদিকে স্মারকলিপিতে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর এই সিদ্ধান্তে ঠিক কতজন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তা উল্লেখ করা হয়নি। তবে বিষয়টির সঙ্গে পরিচিত একাধিক সূত্র জানিয়েছে, প্রায় ৫৭ থেকে ৬০ জনকে ছুটিতে পাঠানো হয়েছে। ভুক্তভোগীদের অনেকে ইমেলে নোটিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।