গণহত্যার অভিযোগে তিন পুলিশকে কারাগারে পাঠানোর নির্দেশ

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলায় গ্রেপ্তার পুলিশের তিন সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

তিন পুলিশ সদস্য হলেন চানখারপুল এলাকার ঘটনায় শাহবাগ থানার তৎকালীন ওসি অপারেশন্স মোহাম্মদ আরশাদ হোসেন, মিরপুরের ঘটনায় এডিসি মইনুল ইসলাম এবং রামপুরা বাড্ডার ঘটনায় এসআই চঞ্চল কুমার।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল এদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আজ মঙ্গলবার তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। এরপর প্রসিকিউশনের আবেদনে পুলিশের তিন সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনালে প্রসিকিউশন পক্ষে শুনানি করেন প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ ও গাজী মনোয়ার হোসেন তামিম। এ সময় উপস্থিত ছিলেন প্রসিকিউটর আব্দুস সোবহান তরফদার, আব্দুল্লাহ আল নোমান, ব্যারিস্টার মইনুল করিম, সাইমুম রেজা।