ব্যাপক দুর্নীতিতে অভিযুক্ত বাংলাদেশ বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) প্রধান প্রকৌশলী পদে নিয়োগপ্রাপ্ত হাবিবুর রহমান, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকসহ বেবিচকের ছয় কর্মকর্তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা নিয়েছে দুর্নীতি দমন কমিশন(দুদক)।
দুদকের তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে গতকাল সোমবার এই আদেশ দেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন।
তার স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, বিমান পরিবহন মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম-সচিব জনেন্দ্রনাথ সরকার, সাবেক প্রধান প্রকৌশলী আব্দুল মালেক ও বেবিচকের সাবেক সুপারিনটেনডেন্ট প্রকৌশলী হাবিবুর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মহিবুল হকসহ আরোও দুজনের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আবেদন মঞ্জুর হলো। সেই সঙ্গে এই আদেশ বাস্তবায়নে পুলিশের বিশেষ শাখাকেও প্রয়জনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হলো।
দুদক সূত্রে জানা গেছে, তিন বিমানবন্দরে চার প্রকল্পে ৮১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আছে তাদের বিরুদ্ধে। এসব অভিযোগে চারটি মামলার তদন্ত চলমান তাদের বিরুদ্ধে।