বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আমরা মনে করি গণতন্ত্রের প্রত্যাশা যদি পূরণ না হয় তাহলে সংকট আরো বাড়বে। এই সংকটকে নিয়ন্ত্রণ করার জন্য নির্বাচিত একটি সরকার দরকার। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে নীলফামারী শহরের স্কাই ভিউ কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির সাংগঠনিক সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সরকারের কাছে আমাদের প্রত্যাশা ভোটাধিকার ফেরত দিয়ে এ দেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হোক। রাস্তার আন্দোলনে যেটি আমাদের নেতা (তারেক রহমান) বলেছিলেন, যে ফয়সালা হবে কোথায়। এই রাজপথেই ফয়সালা হয়েছে। ভবিষ্যতে আমরা মনে করি গণতন্ত্রের প্রত্যাশা যদি পূরণ না হয় তাহলে সংকট আরো বাড়বে। এই সংকটকে নিয়ন্ত্রণ করার জন্য নির্বাচিত একটি সরকার দরকার।
তিনি উল্লেখন, আমাদের সরকারের কাছে চাওয়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা যেন মানুষ স্বাভাবিকভাবে জীবন ধারণ করতে পারে। আইনশৃঙ্খলা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা। এ বিষয়গুলো আমরা আগেও বলেছি, এখনও বলছি। আমরা দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছি ১৬-১৭ বছর। গণতন্ত্রের পিপাসার প্রত্যাশায়, স্বৈরাচারের পতন ঘটিয়ে, ফ্যাসিবাদকে তাড়িয়ে বাংলাদেশে এখন জঞ্জালমুক্ত হওয়ার পথে আছে।
তিনি বলেন, ১৬ বছর ধরে বিএনপি মুখিয়ে আছে একটি গ্রহণযোগ্য নির্বাচনে অংশগ্রহণের জন্য। এখন নতুন কোন প্রস্তুতির প্রয়োজন নেই।
জেলা বিএনপি সভাপতি আ খ ম আলমগীর সরকারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, অধ্যাপক আমিনুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী শামীম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম প্রমুখ।