আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হোটেল চেইন মোভেনপিক এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় HVAC সলিউশন প্রদানকারী প্রতিষ্ঠান ট্রাইটেক বিল্ডিং সার্ভিসেস লিমিটেড সম্প্রতি ১২০০ টনের সেন্ট্রাল এসি সরবরাহের চুক্তি স্বাক্ষর করেছে। খুলনার প্রাণকেন্দ্রে নির্মাণাধীন ২৭-তলা বিশিষ্ট মোভেনপিক হোটেলটি শুধু শহরের সবচেয়ে সুউচ্চ স্থাপনাই নয়, এটি বাংলাদেশের অন্যতম বিলাসবহুল স্থাপনায় রূপ নিচ্ছে।
শহীদ এসকে আবু নাসের স্টেডিয়ামের নিকটে নির্মাণাধীন এই হোটেলটিতে থাকবে ২১৭টি বিলাসবহুল রুম, পাঁচটি উন্নতমানের রেস্তোরাঁ, একটি কনভেনশন সেন্টার, অত্যাধুনিক ফিটনেস সেন্টার, স্পা, এবং সুইমিং পুলসহ বিশ্বের শীর্ষমানের সকল সেবা। অতিথিদের সর্বোচ্চ স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে হোটেলটির HVAC সলিউশনের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে ট্রাইটেক বিল্ডিং সার্ভিসেস লিমিটেডের হাতে।
মোভেনপিক হোটেলের HVAC সলিউশন সরবরাহের দায়িত্বে থাকা ট্রাইটেক, Dunham Bush Water-Cooled Screw Chiller ব্যবহার করছে। বিদ্যুৎ সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব এই চিলারগুলো প্রতিটি ৪০০ টন ক্ষমতাসম্পন্ন। এটি ২৪/৭ নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করার পাশাপাশি দীর্ঘস্থায়ী টেকসই সুবিধা প্রদান করবে।
২২ বছরের অভিজ্ঞতাসম্পন্ন ট্রাইটেক ইতোমধ্যেই বাংলাদেশের HVAC সেক্টরে নেতৃত্ব প্রতিষ্ঠা করেছে। দেশের ২০টিরও বেশি আন্তর্জাতিক মানের হোটেলে সফল HVAC সলিউশন প্রদানের অভিজ্ঞতা নিয়ে, প্রতিষ্ঠানটি গ্রাহকের আস্থা অর্জন করেছে। উল্লেখযোগ্য হোটেল প্রকল্পগুলোর মধ্যে রয়েছে সায়মন বিচ রিসোর্ট, হোটেল ওশান প্যারাডাইস, রেডিসন ব্লু ঢাকা, হিল্টন ঢাকা, এবং গ্র্যান্ড প্যাসিফিক হোটেল।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোভেনপিক হোটেলের ব্যবস্থাপনা পরিচালক তাজুদ্দিন আহমেদ সজিব, সিনিয়র প্রজেক্ট ম্যানেজার তারেক আক্তার তপু, এবং ট্রাইটেকের পরিচালক রাজিব রায়হান, বাণিজ্যিক প্রকল্প প্রধান মো. মিরাজুল ইসলাম।
এনার্জি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে ট্রাইটেক দেশের হোটেল শিল্পে নতুন উদাহরণ সৃষ্টি করেছে। মোভেনপিক খুলনায় HVAC সলিউশনের সফল বাস্তবায়ন ভবিষ্যতে খুলনা অঞ্চলে আরও বড় প্রকল্প স্থাপনে উৎসাহিত করবে। ট্রাইটেক এবং মোভেনপিকের এই মাইলফলক চুক্তি দেশের হোটেল শিল্পের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।