পার্বতীপুর ছাড়েনি ৩৯ ট্রেন

রানিং স্টাফদের কর্মবিরতির কারণে ২৪টি আন্তঃনগর, ১৪ মেইল ট্রেন ও একটি মালবাহী ট্রেন দিনাজপুরের পার্বতীপুর রেলস্টেশন ছেড়ে যায়নি। ফলে ভোগান্তিতে পড়েছেন উত্তরাঞ্চলের যাত্রী সাধারণ। ট্রেন না পেয়ে টিকেটের টাকা ফেরত নিচ্ছেন যাত্রীরা।

মঙ্গলবার দুপুরে পার্বতীপুর লোকোসেডে বিক্ষোভ সমাবেশ ও কর্মবিরতি করে রানিং স্টাফের কর্মচারীরা। এদিকে পার্বতীপুর লোকোসেডে কর্মবিরতির কারণে সেড ইয়ার্ড ও সান্টিং বন্ধ ছিল। কোন লোকোমোটিভ (ইঞ্জিন) বের করেনি।

পার্বতীপুর স্টেশন মাস্টার মো. রফিক চৌধুরী বলেন, পার্বতীপুর থেকে ঢাকা, খুলনা, রাজশাহী, পঞ্চগড়, চিলাহটি ও কুড়িগ্রাম রুটে আন্তঃনগর ও মেইল ট্রেন চলাচল করেনি। তবে পার্বতীপুর-পঞ্চগড় ও পার্বতীপুর-বড়িমারী রেলপথে ৪টি লোকাল ট্রেন চলাচল করেছে। কর্মবিরতির কারণে সকাল থেকে কোন ট্রেন ছেড়ে যায়নি পার্বতীপুর থেকে। এমনকি লোকোসেড থেকে কোন লোকোমোটিভও বের হয়নি। বাধ্য হয়ে যাত্রীদের টিকেটের টাকা ফেরত দেয়া হচ্ছে।

পার্বতীপুর স্টেশনে পরিবার নিয়ে অপেক্ষা করা যাত্রী শাহরিয়ার হোসেন বলেন, তার ট্রেনে ঢাকা যাওয়ার কথা ছিল। স্টেশনে এসে জানতে পারেন ট্রেন বন্ধ। তাই টিকেটের টাকা ফেরত নিয়ে বাড়ি ফিরে যাচ্ছেন।

রেলওয়ের রানিং স্টাফ ঐক্য পরিষদ পার্বতীপুর শাখা ও কেন্দ্রীয় কমিটি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সহ-সভাপতি মো. সানোয়ার হোসেন বলেন, পার্বতীপুরে ১৩৮ জন লোকোমাস্টার, গার্ড ও টিটিই কর্মরত। আমরা দীর্ঘদিন থেকে আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আন্দোলন করে আসছি। হঠাৎ করে কর্মবিরতিতে যাইনি। দাবি অদায়ের জন্য আলটিমেটাম দিয়ে পূর্ব ঘোষণা অনুযায়ী ট্রেন চলাচল বন্ধ রেখেছি। রানিং স্টাফদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মবিরতি অব্যাহত থাকবে।