মানবতাবিরোধী অপরাধ

বরখাস্ত তিন পুলিশ কর্মকর্তাকে কারাগারে পাঠাল ট্রাইব্যুনাল

জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার তিন পুলিশ কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গতকাল মঙ্গলবার বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বে গঠিত ট্রাইব্যুনাল এ আদেশ দেয়।

কারাগারে পাঠানো তিনজন হলেন মিরপুরের ঘটনায় এডিসি (বরখাস্ত) এমএম মইনুল ইসলাম, চানখারপুল এলাকার ঘটনায় শাহবাগ থানার তৎকালীন ওসি (অপারেশনস) মোহাম্মদ আরশাদ হোসেন এবং রামপুরা বাড্ডার ঘটনায় এসআই (বরখাস্ত) চঞ্চল চন্দ্র সরকার।

আদালত প্রসিকিউশন পক্ষে শুনানিতে ছিলেন প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ ও গাজী এমএইচ তামিম। অ্যাডভোকেট গাজী এমএইচ তামিম সাংবাদিকদের বলেন, গত ২৭ জানুয়ারি এই তিন পুলিশের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা হয়েছিল। এর ভিত্তিতে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় চানখারপুলে একজন ছাত্রের মুখ চেপে ধরার ঘটনা ছড়িয়ে পড়ে। মুখ চেপে ধরা ব্যক্তিটি হলেন আরশাদ হোসেন। আর রামপুরায় একটি ভবনের কার্নিশে ঝুলে থাকা ১৮ বছর বয়সী এক ব্যক্তিকে বারবার গুলি করেন চঞ্চল সরকার। এ ছাড়া আরেকটি মামলায় মইনুল ইসলামকে কারাগারে পাঠিয়েছে আদালত।