শরীয়তপুর সাংবাদিক সমিতি ঢাকার ২০২৫-২৬ নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে বিদায় কমিটি নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেয়। গত ১০ জানুয়ারি সমিতির ভোট অনুষ্ঠিত হয়।
শরীয়তপুর সাংবাদিক সমিতি ঢাকার নবনির্বাচিত সভাপতি হাবিবুর রহমান পলাশ বলেন, সাংবাদিকদের অধিকার নিশ্চিত করার পাশাপাশি নির্বিঘেœ কাজ করার জন্য সব সময় পাশে থাকব। এ ছাড়া সদস্যদের পাশে থাকার প্রত্যয় নিয়ে নতুন কমিটির আগামী দুই বছরের পরিকল্পনা তুলে ধরেন তিনি।
শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ বলেন, সাংবাদিক হলো জাতির বিবেক। তারা যত ভুলভ্রান্তি তুলে ধরবে তত ভুল ঘুচিয়ে সঠিকভাবে কাজ করা যাবে। আমরা সবাই শরীয়তপুর একটা ছায়ার নিচে আছি।
নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মো. ওবায়দুল্লাহ মামুনের সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির সাবেক প্রেস সচিব আব্দুল আওয়াল হাওলাদার, বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিচালক মনিরুল ইসলাম, মিডিয়া ব্যক্তিত্ব ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. সাখাওয়াত হোসেন সায়ন্ত, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. মহিউদ্দিন আহমেদ জিন্টু, শরীয়তপুর সাংবাদিক সমিতি ঢাকার প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদ, কমিশনার কাঞ্চন কুমার দে, রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব এইচএম সাগরসহ সদস্যরা।