বাণিজ্য ঘাটতি মেটাতে বাংলাদেশ থেকে পাট ও ওষুধ আমদানি করতে ব্রাজিলের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। গতকাল মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দেশটির রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
এর আগে কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস। বৈঠকে আমীর খসরু ছাড়াও অংশ নেন দলটির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসন পররাষ্ট্রনীতিবিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ।
পরে সংবাদ সম্মেলনে আমীর খসরু বলেন, ‘ব্রাজিল ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যে যে সম্ভাবনা রয়েছে সে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে
কৃষিতে সহযোগিতা। ব্রাজিল কৃষিকাজে অনেক শক্তিশালী। ফার্মাসিউটিক্যাল কিছু রপ্তানি হচ্ছে, আরও রপ্তানির সম্ভাবনা রয়েছে। গার্মেন্টস রপ্তানি হচ্ছে, সেখানে আরও বড় ধরনের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের মিল্ক প্রোডাকশনে সহযোগিতা করার সুযোগ আছে, তারা সহযোগিতা করতে চায়।’
তিনি বলেন, ‘খেলাধুলার ব্যাপারে আপনারা ইন্টারেস্টেড আছেন। সহযোগিতার ব্যাপারে রেস করেছি। ব্রাজিল থেকে কোচ কীভাবে এনে আমাদের ফুটবলকে উন্নতি করা যায়। সে ব্যাপারে তারা দেখবে বলেছে। আগামী দিনে আরও কথা বলব। ব্রাজিলের ফুটবল হচ্ছে খুব ইন্টারেস্টিং ফুটবল, সবাই জানে।’
বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘দুই দেশের মধ্যে দুই বিলিয়নের বেশি ব্যবসা রয়েছে। ব্যালেন্স অব পেমেন্ট ব্রাজিলের পক্ষে আছে। আমাদের রপ্তানি আরও বাড়াতে হবে।০