মহাকুম্ভ মেলায় পদদলিত হয়ে নিহত বেড়ে ১২

ভারতের উত্তর প্রদেশের এলাহাবাদে মহাকুম্ভ মেলায় পদদলিত নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে। গতকাল মঙ্গলবার রাত ১টার দিকে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ জেলায় এ ঘটনা ঘটে। খবর: বিবিসি

প্রতিবেদন থেকে জানা যায়, মেলায় আগত পূণ্যার্থীরা গঙ্গাস্নানের উদ্দেশে গত মঙ্গলবার সন্ধ্যা থেকেই গঙ্গা নদীর তীরে জড়ো হয়েছিলেন। বুধবার সূর্য ওঠার আগেই স্নান শেষের বাধ্যবাধকতা থাকায় ব্যাপক ভিড় জমেছিল গঙ্গার তীরে।

মেলার প্রশাসন সূত্রে জানা গেছে, রাত ২টার দিকে ১২ ও ১৩ নম্বর সেক্টরের কাছে পদপিষ্টের ঘটনা ঘটে। তবে পদদলনের মূল কারণ এখনও জানা যায়নি।

জানা গেছে, ভারতীয় চান্দ্র পঞ্জিকা অনুসারে মঙ্গলবার ছিল মৌনী অমাবস্যা। সনাতন ধনর্মাবলম্বীদের বিশ্বাস, এ তিথিতে প্রয়াগরাজের গঙ্গা, যমুনা ও স্বরস্বতী নদীর সঙ্গমে স্নান করলে অশেষ পূণ্য অর্জিত হয়। এ কারণেই মঙ্গলবার এত ভিড় ছিল সেখানে।

ভারতের কুম্ভ মেলা পৃথিবীর সবচেয়ে বড় ধর্মীয় সমাগম হিসেবে পরিচিত। প্রতি ১২ বছর পরপর হয় এই মেলা এবং এতে ভারত ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে জড়ো হন কয়েক কোটি পূন্যার্থী। কিন্তু এইবার পূণ্যার্থীদের অতিরিক্ত ভিড় হওয়ায় পদদলিত হয়ে এমন দুর্ঘটনা ঘটে।