পশ্চিম তীরে অভিযান চলছেই

গাজায় উপত্যকায় যুদ্ধ বন্ধ হলেও ইসরায়েলের নতুন নিশানা হয়ে উঠেছে অধিকৃত পশ্চিম তীর। অঞ্চলটিতে ইসরায়েলি বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। গতকাল বুধবার দখলকৃত পশ্চিম তীরের হেবরন, জেরিকো, সালফিত, বেথেলহাম ও পূর্ব জেরুজালেমে আগ্রাসন চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। তাদের অভিযানে অন্তত দুই ফিলিস্তিনি নিহত হয়েছে। এ ছাড়া বেশ কিছু বাড়িঘর, মসজিদ ও রেস্তোরাঁ গুঁড়িয়ে দেওয়ার তথ্য জানিয়েছে ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার খবরে বলা হয়েছে, পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদের বিতাড়িত করার প্রস্তাব দিয়েছে অবৈধ বসতি স্থাপনপকারী উগ্র ডানপন্থি একটি পক্ষ।

এদিকে যুদ্ধবিধ্বস্ত গাজা থেকে ফিলিস্তিনিদের জর্ডান ও মিসরে পুনর্বাসনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের সমালোচনা করেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ। বার্লিনে আয়োজিত এক সম্মেলনে বক্তব্য প্রদানকালে ট্রাম্পের প্রস্তাব অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন তিনি। ফিলিস্তিন সংকট নিরসনে দুই রাষ্ট্র সমাধানের প্রতি নিজের সমর্থনের কথা স্মরণ করিয়ে দিয়ে শলৎজ বলেন, ফিলিস্তিনি ও ইসরায়েলি উভয় জাতিই যেন পাশাপাশি শান্তিতে বাস করতে পারে, তা নিশ্চিত করতে হবে। আর গাজার নিয়ন্ত্রণ থাকবে ফিলিস্তিনি কর্র্তৃপক্ষের কাছে।

১৫ মাসের যুদ্ধ শেষে ১৯ জানুয়ারি কার্যকর হয় গাজা যুদ্ধবিরতি চুক্তি। এতে সামান্য হলেও দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার সুযোগ পাওয়া গেছে বলে মন্তব্য করেছেন শলৎজ। তিনি বলেন, এ সুযোগ হাতছাড়া হতে দেওয়া যাবে না। তবে শান্তি তখনই প্রতিষ্ঠা করা সম্ভব, যদি গাজাবাসী আত্মনিয়ন্ত্রণের অধিকার নিয়ে আশাবাদী হতে পারে। ট্রাম্পের প্রস্তাবের নিন্দা করলেও, ইসরায়েলের অন্যতম প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ জার্মানি। ২০২৩ সালে হামাসের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর থেকে দেশটিতে প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি প্রায় দশগুণ বৃদ্ধি করেছে বার্লিন।

অন্যদিকে, অনির্দিষ্টকালের জন্য সিরিয়ার দক্ষিণাঞ্চলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মাউন্ট হেরমনের দখল ধরে রাখবে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। মাউন্ট হেরমনে সেনাঘাঁটি পরিদর্শন শেষে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টজ বলেন, সিরিয়ার দক্ষিণাঞ্চলে শত্রু বাহিনীর উপস্থিতি জোরালো হোক সেটা কোনোভাবেই মেনে নেবে না তেল আবিব। আসাদ সরকার পতনের পর মাউন্ট হেরমনে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ভূমি দখল করে ইসরায়েল।