অবশেষে ‘দায়মুক্তি’

বৃদ্ধাশ্রমের গল্প উপজীব্য করে নির্মিত হয়েছে সিনেমা ‘দায়মুক্তি’। সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক সাইমন সাদিক ও চিত্রনায়িকা সুস্মি রহমান। সিনেমাটি পরিচালনা করেছেন বদিউল আলম খোকন। আগামী ৭ ফেব্রুয়ারি দেশব্যাপী সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছেন প্রযোজক জসিম উদ্দিন।

সমাজের দায়বদ্ধতায় জড়ানো পারিবারিক এবং সামাজিক গল্পের চলচ্চিত্রটির গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা, নির্দেশক, নাট্যকার আবুল হায়াত এবং অভিনেত্রী দিলারা জামান। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন সামিয়া নাহি, সুচরিতা, সুব্রত প্রমুখ।

এ প্রসঙ্গে আবুল হায়াত বলেন, ‘আমি আর দিলারা ভাবী অনেক নাটকে কাজ করলেও প্রথমবার একসঙ্গে সিনেমায় অভিনয় করেছি। প্রযোজক এবং পরিচালকের আগ্রহেই মূলত আমার এই সিনেমায় কাজ করা। গল্পটা ভালো লেগেছে, ভালো লেগেছে আমার চরিত্রটিও।’

দিলারা জামান বলেন, ‘হায়াত ভাইয়ের সঙ্গে অনেক নাটকে কাজ করা হয়েছে। দায়মুক্তির মধ্য দিয়ে সিনেমাতেও একসঙ্গে কাজ করা হলো। পরিচালক বদিউল আলম খোকন বলেন, ‘জন্মদাতা বাবা-মার প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত আর সন্তান হিসেবে মা-বাবার প্রতি আমাদের দায়িত্বটা কী তার একটা সুন্দর গল্প এই সিনেমাতে তুলে ধরা হয়েছে। সামাজিক গল্পের সিনেমাটি আশা করছি, সবার ভালো লাগবে।’