বিভাগের নাম পরিবর্তন নিয়ে পক্ষে-বিপক্ষে অবস্থান নিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের শিক্ষার্থীরা। বিভাগটির বর্তমান নাম অপরিবর্তিত রাখার দাবিতে গতকাল বুধবার সকাল ১০টার দিকে ‘সচেতন শিক্ষার্থী’র ব্যানারে প্রশাসন ভবনের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি করেছেন বিভাগটির শিক্ষার্থীদের একাংশ। অন্যদিকে একই স্থানে বেলা ১১টার দিকে বিভাগের নাম পরিবর্তনের দাবিতে একই কর্মসূচি করেছেন বিভাগটির শিক্ষার্থীদের আরেকাংশ। এ সময় তারা বিভাগের নাম ‘এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ করার দাবি জানান।
বিভাগের নাম পরিবর্তনের দাবিতে অবস্থানরত শিক্ষার্থীরা জানান, ‘আগে বিভাগটির নাম ছিল এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি। পরে স্বাক্ষর জালিয়াতি করে আমাদের বিভাগের নাম পরিবর্তন করা হয়েছে, যা সম্পূর্ণ আইনবহির্ভূত। আমরা এটার যথোপযুক্ত সমাধান চাই। এটা নিয়ে আমরা দাবি জানালেও পাঁচ মাস ধরে টালবাহানা করা হচ্ছে। এবার যদি কোনোক্রমে একাডেমিক কাউন্সিল এবং পরবর্তী সিন্ডিকেটে আমাদের নাম পরিবর্তনের দাবির একটা অক্ষর নিয়েও টালবাহানা করা হয়, তবে পরে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অনির্দিষ্টকালের জন্য অবরোধ করা হবে এবং দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। শিক্ষার্থীদের যেকোনো কার্যক্রমের জন্য দায়ী থাকবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।’
এদিকে নাম অপরিবর্তিত রাখার পক্ষে অবস্থানরত শিক্ষার্থীরা বলেন, ‘জিওগ্রাফি বিষয়টি পিএসসিতে নিবন্ধিত সাবজেক্ট, যার সাবজেক্ট কোড রয়েছে (৩১১)। কিন্তু এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা শুধু এনভায়রনমেন্টাল সায়েন্স কোনোটিই পিএসসিতে নিবন্ধিত নেই সাবজেক্ট হিসেবে। যে কারণে জিওগ্রাফি না থাকলে আমরা বিসিএসসহ (শিক্ষা) জিওগ্রাফির নিবন্ধিত সরকারি চাকরিতে আবেদন করতে পারব না। বিভাগের নাম জিওগ্রাফি না রাখার পরিকল্পনা শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের জন্য একটি আত্মঘাতী সিদ্ধান্ত, কারণ জব সেক্টরে তীব্রভাবে সুযোগ কমে যাবে।’