সান্তোসেই নেইমার

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ১২ বছর পর সান্তোসে ফিরলেন নেইমার। ব্রাজিলিয়ান ক্লাবটির প্রেসিডেন্ট মার্সেলো তেইশেইরা সামাজিক যোগাযোগমাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন, ছয় মাসের চুক্তিতে সান্তোসে যোগ দিয়েছেন ৩২ বছর বয়সী মহাতারকা। সান্তোসে নেইমারের প্রত্যাবর্তনের ম্যাচ হতে পারে ৫ ফেব্রুয়ারি, তার জন্মদিনে! ঐতিহাসিক ভিলা বেলমিরো স্টেডিয়ামে পলিস্তারো টুর্নামেন্টের সপ্তম রাউন্ডে বোটাফোগোর বিপক্ষে ওইদিন মাঠে নামবে সান্তোস।

সান্তোস ২০২৪ মৌসুমে ব্রাজিলিয়ান সিরি-আ’তে ফিরেছে, যেখানে নেইমার হতে যাচ্ছেন ক্লাবটির মূল তারকা। প্রাথমিক চুক্তি ছয় মাসের হলেও ২০২৬ সাল পর্যন্ত বাড়ানোর চেষ্টা করবে ক্লাবটি। ২০২৩ সালে ৯০ মিলিয়ন ইউরোর বিনিময়ে সৌদি ক্লাব আল হিলালে যোগ দিয়েছিলেন নেইমার। তবে গুরুতর চোটের কারণে মাত্র সাত ম্যাচ খেলতে পেরেছেন, গোল করেছেন একবার, সঙ্গে দুটি অ্যাসিস্ট। ২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত সান্তোসের হয়ে ২২৫ ম্যাচে ১৩৬ গোল ও ৬৩ অ্যাসিস্ট করেছিলেন নেইমার। ক্লাবটির হয়ে তিনি জিতেছেন ছয়টি ট্রফি। নেইমার ফেরার খবরে সান্তোসের সোশ্যাল মিডিয়া ফলোয়ার বেড়েছে প্রায় ১১ রাখ।