সেন্টমার্টিন ভ্রমণে ৯ মাসের নিষেধাজ্ঞা শুরু কাল

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী চলতি পর্যটন মৌসুমে আগামীকাল শুক্রবার শেষবারের মতো সেন্টমার্টিন যেতে পারবেন পর্যটকরা। আগামী শনিবার থেকে শুরু হবে পর্যটকদের যাতায়াতে ৯ মাসের নিষেধাজ্ঞা। তবে ভ্রমণের সময় অন্তত ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানোর দাবি জানিয়েছেন দ্বীপবাসী।

সেন্টমার্টিনের বাসিন্দা ও পর্যটন সেবীদের দেওয়া তথ্যমতে, এই দ্বীপে প্রতি বছর ১ অক্টোবর থেকে ৩১ মার্চ পর্যন্ত পর্যটক যাতায়াত করে থাকেন। কিন্তু এ বছর ৩১ জানুয়ারি পর্যন্ত পর্যটক ভ্রমণের সময় নির্ধারণ করা হয়েছে।

সেন্টমার্টিনে ১২টি জাহাজ পর্যটক নিয়ে যাতায়াত করে আসছে। টেকনাফ-সেন্টমার্টিন, ইনানী-সেন্টমার্টিন, কক্সবাজার-সেন্টমার্টিন ও চট্টগ্রাম-সেন্টমার্টিনÑ এই চার নৌপথ দিয়ে এতদিন জাহাজ চলাচল করে আসছিল। এর মধ্যে বর্তমানে শুধু কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল করছে। টেকনাফ থেকে নাফ নদ হয়ে সেন্টমার্টিনে যাতায়াত করতেন অধিকাংশ পর্যটক। তবে মিয়ানমারের রাখাইনের সংঘাতময় পরিস্থিতির কারণে নৌপথটিতে জাহাজ চলাচল বন্ধ করা হয়।

পর্যটন ব্যবসায়ীরা জানান, এ বছর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে পর্যটক ভ্রমণের সময় কমানোর পাশাপাশি নানা বিধিনিষেধ জারি হয়েছে। নভেম্বরে পর্যটকদের সেন্টমার্টিনে রাত্রিযাপন নিষিদ্ধ করা হয়। ডিসেম্বর ও জানুয়ারিতে দুই হাজার পর্যটক যাওয়া এবং রাত্রিযাপনের সুযোগ রাখা হয়। তবে ফেব্রুয়ারি থেকে ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। অথচ আগে ৩১ মার্চ পর্যন্ত পর্যটক যেতে পারতেন।

সি-ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, ‘অন্তত ফেব্রুয়ারি মাসটা পর্যটকদের জন্য সেন্টমার্টিন উন্মুক্ত রাখার অনুরোধ করছি। এতে দ্বীপের মানুষের এবং ব্যবসায়ীদের ক্ষতিটা অনেকাংশে পুষিয়ে নিতে সহজ হবে।’

সেন্টমার্টিন হোটেল-মোটেল-রিসোর্ট মালিক সমিতির সভাপতি এম এ আবদুর রহিম জিহাদী বলেন, ‘অতীতে এ রকম কোনো সংকট দ্বীপে তৈরি হয়নি। এখন যদি দ্বীপে পর্যটক আসা বন্ধ হয়ে যায়, তাহলে নানামুখী সংকটে পড়বেন বাসিন্দারা। দ্বীপে পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন শত শত মানুষ। তাই মানবিক দিক বিবেচনায় সেন্টমার্টিন দ্বীপ উন্মুক্ত করার দাবি জানাচ্ছি।’

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ‘দ্বীপের সাড়ে ১০ হাজার মানুষের জীবিকা পর্যটনের সঙ্গে যুক্ত। পর্যটন মৌসুমে কিছু ব্যবসা করে সারা বছর তারা সংসার চালান। জাহাজ চলাচল ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো গেলে বাসিন্দারা উপকৃত হতেন।’

তবে মন্ত্রণালয়ের নির্দেশনা ছাড়া ভ্রমণ সময় বাড়ানো সম্ভব নয় বলে জানিয়ে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরান হোসাইন সজীব বলেন, ‘৩১ জানুয়ারি পর্যন্ত সেন্টমার্টিনগামী জাহাজগুলো চলাচল করতে পারবে। এরপর আর পর্যটকবাহী জাহাজগুলো চলাচল করতে দেওয়া হবে না। যদি সরকার বর্ধিতকরণের কোনো নির্দেশনা দেয়, সে ক্ষেত্রে সেই নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’