ডেইলি অবজারভারের বিজনেস এডিটর ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন আহমদ মারা গেছেন। গতকাল বুধবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ৭১ বছর বয়সী নিজাম উদ্দিন আহমদ স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
ঢাকা থেকে সাংবাদিক নিজাম উদ্দিনের মরদেহ সড়ক পথে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর গ্রামের বাড়িতে নেওয়া হয়। এ সময় শোকার্ত স্বজন ও সহকর্মীদের অনেকেই কান্নায় ভেঙে পড়েন। বাদ মাগরিব জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
নিজাম উদ্দিন আহমদ আশির দশকে চট্টগ্রামে দ্য নিউ নেশনের ব্যুরোপ্রধান হিসেবে সাংবাদিকতা শুরু করেন। পরে তিনি চট্টগ্রাম ও ঢাকায় আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রতিনিধি হিসেবে কাজ করেন। চট্টগ্রামে বিএনএ নামে একটি বার্তা সংস্থাও প্রতিষ্ঠা করেছিলেন তিনি। সর্বশেষ ঢাকায় ডেইলি অবজারভারের বিজনেস এডিটরের দায়িত্বে ছিলেন।