পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলামসহ ৯ জনের পাসপোর্ট বাতিল করেছে সরকার। অন্য আটজন হলেন বিএসইসির সাবেক কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ, নির্বাহী পরিচালক মাহবুবুল আলম, সাইফুর রহমান ও রেজাউল করিম, পরিচালক শেখ মাহবুব-উর-রহমান ও মোহাম্মদ মাহমুদুল হক, অতিরিক্ত পরিচালক এস কে মো. লুৎফুল কবির এবং যুগ্ম পরিচালক মো. রশীদুল আলম।
গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিশ^স্ত সূত্র তথ্য নিশ্চিত করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, গত সপ্তাহে তাদের পাসপোর্ট বাতিল করা হয়েছে। এ ছাড়া মন্ত্রণালয় তাদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে, যার ফলে তারা দেশত্যাগ করতে পারবেন না। এই ৯ জনের বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে যে বিএসইসিতে থাকাকালীন তারা শেয়ার বাজারে লুটপাটে সহায়তা এবং অবৈধ সম্পদ অর্জন করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের অধ্যাপক শিবলী রুবাইয়াত ২০২০ সালের ১৭ মে প্রথম দফায় বিএসইসির চেয়ারম্যানের দায়িত্ব নেন। পুনর্নিয়োগ পেয়ে গত বছরের ১৬ মে তিনি আবার বিএসইসির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন।
ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ১০ আগস্ট বিএসইসির চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন শিবলী রুবাইয়াত। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজ বিভাগে ফিরে যান। এ ছাড়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত গত ৯ অক্টোবর শিবলী রুবাইয়াতের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেয়।