মহাসড়কে বাস উল্টে গিয়ে যুবকের মৃত্যু

মুন্সীগঞ্জের গজারিয়ায় ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী বাস রোড ডিভাইডারে ধাক্কা দিয়ে উল্টে গেলে এক যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও ১২ জন আহত হয়েছেন। গতকাল বুধবার রাত পৌনে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গজারিয়ার বাউশিয়া পাখির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম স্বাধীন হোসেন সুমন (৩৬)। তিনি কুমিল্লার দেবিদ্বার উপজেলা বাসিন্দা বলে জানা গেছে।

আহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে ৯ জনের নাম জানা গেছে। তারা হলেন- ছফির আলী (৪৫), ইসলাম (৪০), এরশাদুল হক (৩৫), ফারুক (২২), হাবিবুর রহমান (৩০), আরশাদুল (২৫), শফিকুল ইসলাম (৩০), নুরুজ্জামান (৩৫), মাহাবুব রহমান (২২)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কুমিল্লা থেকে ঢাকাগামী জলঢাকা পরিবহনের একটি যাত্রীবাহী বাস গজারিয়ার বাউশিয়া পাখির মোড় এলাকায় এলে কুমিল্লাগামী লেন থেকে একটি ট্রাক ইউটার্ন নিয়ে ঢাকাগামী লেনে যাওয়ার সময় বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় যাত্রীবাহী বাসটি রোড ডিভাইডারে ধাক্কা দিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত ১৫ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন।

গজারিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ রিফাত মল্লিক বলেন, ‘খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে ছুটে যাই। বাসের ৯ যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠাই। আরও কয়েকজন যাত্রীকে স্থানীয় লোকজন এবং পুলিশ সদস্যরা হাসপাতালে পাঠিয়েছে।’

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আশরাফুল আলম শুভ বলেন, ‘রাত ৯টার পর সড়ক দুর্ঘটনায় আহত ১২ রোগীকে আমাদের হাসপাতালে নিয়ে আসা হয়। এদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। বাকি চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।’