প্রতিটি ম্যাচকেই ফাইনাল মনে করে রস

বিপিএলে সেরা চারে জায়গা করে নিতে কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে খুলনা টাইগার্স। চিটাগং কিংস ও দুর্বার রাজশাহীর জয়ের পর টুর্নামেন্টে টিকে থাকতে হলে নিজেদের শেষ দুই ম্যাচে জয়ের বিকল্প নেই মেহেদী হাসান মিরাজদের সামনে। শুধু জিতলেই হবে না, রানরেটের হিসাবও রাখতে হবে মাথায়। তাই শেষের দুই ম্যাচকে নকআউট হিসেবেই দেখছেন খুলনার অধিনায়ক মিরাজ।

এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে আছে খুলনা। সেরা চারে যেতে হলে তাদের অবশ্যই রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে জয় পেতে হবে। তবে পরের ধাপে যেতে হলে ঢাকাকে হারাতে হবে বড় ব্যবধানে, যাতে রাজশাহীর চেয়ে ভালো রানরেট নিশ্চিত করা যায়।

খুলনার জন্য এই অবস্থায় পড়া একরকম অপ্রত্যাশিত। কারণ, হারলেও বেশিরভাগ ম্যাচেই তারা ছিল জয়ের দোরগোড়ায়। ৬ হারের মধ্যে ৪টিতেই তারা হেরেছে ৭ থেকে ৮ রানের ব্যবধানে। রংপুরের বিপক্ষে শেষ দেখায় ৩ ওভারে ২২ রান দরকার ছিল, হাতে ছিল ৭ উইকেট—তারপরও ৮ রানে ম্যাচ হারে তারা! একইভাবে সিলেটের বিপক্ষে ৮ রানে, রাজশাহী ও ফরচুন বরিশালের বিপক্ষে ৭ রানে হেরে এখন কঠিন সমীকরণে পড়েছে মিরাজরা।

মিরাজও স্বীকার করছেন, টিকে থাকার জন্য কাজটা মোটেও সহজ নয়। তবে রংপুরের বিপক্ষে জিততে পারলে ঢাকার বিপক্ষে ম্যাচটা কিছুটা সহজ হয়ে যাবে বলে মনে করেন তিনি। তার ভাষায়, 'আমরা যে ম্যাচগুলো হেরেছি, খুব কাছাকাছি গিয়েই হেরেছি… ৭-৮-৯ রানের ব্যবধানে। যেহেতু এখনো একটা সুযোগ আছে, তাই কালকের (বৃহস্পতিবার) ম্যাচটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জিততে পারলে প্লে-অফের সুযোগ সহজ হয়ে যাবে, যেহেতু শেষ ম্যাচ ঢাকার সঙ্গে।'

অস্ট্রেলিয়ান ব্যাটার অ্যালেক্স রস মনে করেন, খুলনার আসল সমস্যা ধারাবাহিকতার অভাব। ব্যাটিং-বোলিং একসঙ্গে জ্বলে না উঠায় জয়ের পথ কঠিন হয়ে পড়ছে। তার মতে, 'আমাদের দল খুবই ভারসাম্যপূর্ণ, কিন্তু আমরা একসঙ্গে ভালো খেলতে পারছি না। একদিন বোলিং ভালো হলে ব্যাটিং খারাপ হচ্ছে, আবার ব্যাটিং ভালো হলে বোলিং খারাপ হচ্ছে। আমাদের এখন সবকিছু ঠিকভাবে করতে হবে, কারণ এখনকার প্রতিটি ম্যাচই আমাদের জন্য ফাইনাল।'

খুলনা টাইগার্সের জন্য আগামী দুই ম্যাচই কার্যত নকআউট। প্রথমে রংপুরকে হারিয়ে লড়াইয়ে টিকে থাকতে হবে, এরপর ঢাকাকে বড় ব্যবধানে হারিয়ে রানরেটে এগিয়ে যেতে হবে। এখন দেখার বিষয়, কঠিন এই সমীকরণ মিলিয়ে প্লে-অফে জায়গা করে নিতে পারে কিনা মিরাজরা।