অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা ও তার রাজনৈতিক দল গঠন ও পদত্যাগের ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেছেন, এমন কোনও সিদ্ধান্ত হলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
একটি দৈনিক পত্রিকায় উপদেষ্টা নাহিদ ও আসিফের পদত্যাগের কথা জানিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, প্রতিবেদনটি আমার নজরে এসেছে, সামাজিক যোগাযোগমাধ্যমেও দেখেছি। পত্রিকা আসলে কোন উৎস থেকে এটা করেছে, সেটা পরিষ্কার করেনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক দল গঠন ও পদত্যাগের ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। তবে সরকারে থেকে কোনও রাজনৈতিক দলে থাকব না।
তিনি বলেন, রাজনৈতিক দলে অংশগ্রহণ করার মতো পরিস্থিতি হলে, সরকার ছাড়ার সিদ্ধান্ত হলে আমরা আনুষ্ঠানিকভাবে বলব। এমন কোনও সিদ্ধান্ত আমার জায়গা থেকে কিংবা ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের জায়গা থেকে এখনও হয়নি।
রাজনৈতিক দল গঠনের কোনো পরিকল্পনা আছে কি না— সাংবাদিকের এমন প্রশ্নে নাহিদ বলেন, এখনও আমরা এটা নিয়ে ভাবি নাই। আমরা তো সরকারে আছি। সরকারের কার্যক্রমে অংশগ্রহণ করছি।