জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের দ্বারা রাজনৈতিক দল গঠনের সম্ভাবনা রয়েছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ছাত্ররা প্রস্তুত। তারা প্রচারণা চালাচ্ছে। এ লক্ষ্যে তারা দেশজুড়ে লোকজনকে সংগঠিত করছে।
সুইজারল্যান্ডের দাভোস সফরকালে ফিন্যান্সিয়াল টাইমসের প্রধান বৈদেশিক বিষয়ক ভাষ্যকার গিডেয়েন র্যাচম্যানের পডকাস্টে এ কথা বলেন প্রধান উপদেষ্টা। ‘র্যাচম্যান রিভিউ’ নামের ওই পডকাস্টে কথোপকথন লিখিত আকারে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) প্রকাশিত হয়েছে।
পডকাস্টে জাতীয় নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘নির্বাচনের সম্ভাব্য যে দুটি সময়ের কথা বলেছেন, তা ভালো সময়। কারণ, তিনি জাতীয় ঐক্য ধরে রাখছেন। তিনি এটা থেকে বিচ্যুত হতে চান না।’
পডকাস্টে তিনি বলেন, ‘প্রথম দিকে তারা যখন উপদেষ্টা গঠন করছে, তখন আমি তিনজন শিক্ষার্থীকে নিয়েছি। আমি বললাম— তারা যদি দেশের জন্য জীবন দিতে পারে, তাহলে উপদেষ্টা হিসেবেও সিদ্ধান্ত নিতে পারে এবং তারা ভালো কাজ করছে।’
প্রধান উপদেষ্টা বলেন, ‘এখন শিক্ষার্থীরা বলছে— কেন আমাদের নিজস্ব দল গঠন করেন না, আমরা একটা সুযোগ নেব। তারা বলেছে, আপনার কোনো সুযোগ নেই, এমনকি সংসদে আপনার একটিও আসন থাকবে না। কেন? কারণ, কেউ আপনাকে চেনে না। আমি তাদের বললাম, পুরো জাতি তাদেরকে চেনে। তারা যা করতে চায়, সে বিষয়ে তাদেরকে একটা সুযোগ দিই। সুতরাং, তারা এটা করবে।’
ড. ইউনূস বলেন, ‘হয়তো দল গঠনের প্রক্রিয়ায় তারা বিচ্ছিন্ন হয়ে পড়বে। এটাও একটা বিপদ, কারণ রাজনীতি ঢুকে পড়ছে। সুতরাং আমরা জানি না দেশে আমাদের যে রাজনীতি আছে তা থেকে তারা নিজেদের দূরে রাখতে পারবে কিনা। তবে ছাত্ররা প্রস্তুত। তারা প্রচারণা চালাচ্ছে। তারা দেশজুড়ে লোকজনকে সংগঠিত করছে।’