অনেক সময় অসাবধানতাবশত কাজ করতে গিয়ে মেঝের টাইলসের কোনা ফেটে চৌচির হয়ে যায়। দেখতে এমন খারাপ লাগে যে, সঙ্গে সঙ্গে ভাঙা টাইলস তুলে নতুন একটি না বসালেই নয়। আবার, অনেক ক্ষেত্রেই দেখা যায় টাইলসের অন্যান্য অংশ ঠিক আছে। কিন্তু কোনাটুকু ভেঙে গিয়েছে কিংবা চারকোনা টাইলসের মাঝ বরাবর শুধু বিদ্যুতের রেখার মতো একটা চিড় ধরেছে।
এ রকম হলে অনেকেই ভাবেন টাইলস বদলে ফেলবেন। কিন্তু সমস্যা হচ্ছে, ভাঙা টাইলসটি তুলে হুবহু তেমনই দেখতে নতুন টাইলস বসাতে পারছেন না। কারণ পুরনোটির সঙ্গে মিলিয়ে পাচ্ছেন না। পুরো মেঝের টাইলস তুলে নতুন করে বসাতে হবে। সে-ও খরচ সাপেক্ষ ব্যাপার। কম খরচে সমস্যার সমাধান করার বিকল্প উপায় হয়ত খুঁজছেন। বিকল্প উপায় যা হতে পারে তা হলো
স্টিকার : এসব স্টিকারকে পোশাকি ভাষায় বলে ‘টাইলস ডেকেল’। টাইলসের কোনা ভেঙে উঠে যাওয়া অংশ খুব সন্তর্পণে বসিয়ে তার ওপর সুন্দর নকশা করা কাগজ সেঁটে দিতে পারেন। টাইলসের মাঝখানে ফাটলের দাগও ঢেকে ফেলা যায় সহজেই।
টাইলস ফিলার : টাইলসের ফাটল খুব গভীর হয়, সে ক্ষেত্রে টাইলস ফিলার কিনে ক্ষতের মাঝে ভরে দেওয়া যেতে পারে। কয়েক ঘণ্টা রেখে দিলে তা জমে শক্ত হয়ে যাবে, ফাটল গুরুতর আকার নেয় না। কাজ যত সূক্ষ্ম হবে ক্ষত তত কম বোঝা যাবে। তবে একটি বিষয় মাথায় রাখতে হবে। ফিলারের রঙ যেন টাইলসের রঙের সঙ্গে মিলে যায়।
রঙের পোঁচ : টাইলসের ওপর রঙ করে দিতে পারেন। ভাঙা, ফাটল ধরা অংশগুলো প্রথমে ফিলার দিয়ে মেরামত করে নিন। তার ওপর ব্রাশ দিয়ে গোটা টাইলসটিই রঙ করে ফেলতে পারেন। এ ছাড়া নিপুণ হাতে শুধু ফাটলের ওপর ওই একই রকম রঙের রেখা টেনে দিতে পারেন। চট করে দেখলে বোঝার উপায় থাকবে না।