কোচ পিটার বাটলার ও সিনিয়র ফুটবলারদের সংকট চরম আকার ধারণ করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ১৫ থেকে ১৭ জন নারী ফুটবলার বাফুফে ভবনের নিচে এই কোচের অধীনে অনুশীলন না করা এবং ফেডারেশন এই কোচকে রাখলে ফুটবল ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন।
নারী ফুটবলারদের এমন অবস্থানের পর আকস্মিক নড়েচড়ে বসেছে বাফুফে। রাতেই বাফুফের কমিটির জরুরি সভা অনলাইনে অনুষ্ঠিত হয়। সভায় নারী ফুটবলের উদ্ভূত সংকট নিয়ে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও চার সহ-সভাপতির সমন্বয়ে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
এই কমিটির ডেপুটি চেয়ারম্যান বাফুফের অন্যতম সহ-সভাপতি ফাহাদ করিম, দুই নির্বাহী সদস্য ছাইদ হাসান কানন ও সাখওয়াত হোসেন ভুইয়া শাহীন। নির্বাহী কমিটির বাইরে পুলিশ কর্মকর্তা কাজী নুসরাত এদিব লুনা এবং আরও দুই সরকারি কর্মকর্তা হুমায়ন খালিদ ও আতিকুর রহমানকে সদস্য করা হয়েছে।
আগামী বৃহস্পতিবারের মধ্যে এই কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।