জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতা বৈষম্যহীন বাংলাদেশ দেখার জন্য জীবন দিয়েছেন। একটা মানবিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ তারা দেখতে চায়। বাংলাদেশে আবার দুঃশাসন ফিরে না আসুক সেই ব্যবস্থা চায়। তাই যদি করতে হয় তাহলে একটা অর্থবহ নির্বাচনের দিকে যেতে হবে সরকারকে। সেই নির্বাচন করতে হলে গুরুত্বপূর্ণ কিছু সংস্কার করতে হবে। সংস্কারের জন্য এই সরকারকে যৌক্তিক সময় দিতে চায় জামায়াত। ক্ষমতার শেষ দিন পর্যন্ত আওয়ামী লীগ মানুষ খুন করেছে। তারা সুস্পষ্ট গণহত্যাকারী। প্রত্যেকটি গণহত্যার বিচার হতে হবে। যারা দুর্নীতি করে তারা যেন কোনো ক্রমেই ক্ষমতায় আসতে না পারে। সেজন্য দেশের জনগণকে সজাগ হতে হবে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে জয়পুরহাট শহরের সার্কিট হাউজ ময়দানে জেলা জামায়াতের বিশাল কর্মী সম্মেলনে বাংলাদেশ জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ডা. ফজলুর রহমান সাঈদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও বগুড়া অঞ্চল পরিচালক মাওলানা রফিকুল ইসলাম খান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বগুড়া অঞ্চলের টিম সদস্য মাওলানা আব্দুর রহিম, অধ্যাপক নজরুল ইসলাম ও জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া ম-ল।