ইজতেমার ‘জুমা স্পেশাল’ ট্রেন, যেখান থেকে ছাড়বে

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে চলছে বিশ্ব ইজতেমার ৫৮তম আসরের প্রথম পর্ব। এতে অংশ নিতে ইতোমধ্যে জড়ো হয়েছেন লাখো মুসল্লি। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আরও মুসল্লি আসছেন দলে দলে। এসব মুসল্লি আজ একসঙ্গে জুমার নামাজ পড়বেন। আর এর মধ্য দিয়ে এটিই হবে দেশের বৃহত্তম জুমার নামাজ।

এদিকে মুসল্লিদের যাতায়াত সুবিধায় বিশেষ ট্রেনের সংখ্যা ও সময়সূচি পরিবর্তন করেছে বাংলাদেশ রেলওয়ে। সংশোধনীতে ১৪টি ট্রেনের পরিবর্তে ১১টি ট্রেন চালানোর কথা জানানো হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংশোধনের বিষয়টি জানানো হয়। সংশোধনীতে প্রথম পর্বের ইজতেমায় জামালপুর ও টাঙ্গাইল স্পেশাল ট্রেন ২টি বাদ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ শুক্রবার জুমা স্পেশাল নামে একজোড়া ট্রেন চালানো হবে। জুমা স্পেশাল-১ ঢাকা থেকে সকাল সাড়ে ৯টায় ছেড়ে টঙ্গী পৌঁছাবে সকাল ১০টা ১৫ মিনিটে। জুমা স্পেশাল-২ বিকেল ৩টায় টঙ্গী স্টেশন থেকে ছেড়ে ঢাকায় পৌঁছাবে দুপুর ৩টা ৪৫ মিনিটে।

এছাড়া আখেরি মোনাজাতের দিন আগামী রবিবার পরিচালনা করা হবে ৯টি ট্রেন। এরমধ্যে ঢাকা-টঙ্গী স্পেশাল-১ ঢাকা ছাড়বে ভোর ৪টা ৪৫ মিনিটে, ঢাকা-টঙ্গী স্পেশাল-২ ঢাকা ছাড়বে ভোর ৫টায়, ঢাকা-টঙ্গী স্পেশাল-৩ ঢাকা ছাড়বে ভোর ৫টা ২৫ মিনিটে, ঢাকা-টঙ্গী স্পেশাল-৪ ঢাকা ছাড়বে ভোর ৫টা ৫০ মিনিটে।

অন্যদিকে, টঙ্গী স্টেশন থেকে ফেরার পথে টঙ্গী-ঢাকা স্পেশাল-১ টঙ্গী স্টেশন ছাড়বে সকাল ৮টা ২০ মিনিটে, টঙ্গী-ঢাকা স্পেশাল-২ টঙ্গী স্টেশন ছাড়বে সকাল ৮টা ৩৫ মিনিটে, টঙ্গী-ঢাকা স্পেশাল-৩ টঙ্গী স্টেশন ছাড়বে সকাল ৯টা ৪২ মিনিটে, টঙ্গী-ঢাকা স্পেশাল-৪ টঙ্গী স্টেশন ছাড়বে সকাল ১০টা ৪০ মিনিটে এবং টঙ্গী-ঢাকা স্পেশাল-৫ টঙ্গী স্টেশন ছাড়বে সকাল ১১টা ৭ মিনিটে।