৬ রান করেই আউট কোহলি, মুহূর্তে স্টেডিয়াম ফাঁকা

শুধুমাত্র বিরাট কোহলি খেলছেন বলেই দিল্লি বনাম রেলওয়ের রনজি ট্রফির ম্যাচে বিপুল সংখ্যায় দর্শক আসেন অরুণ জেটলি স্টেডিয়ামে। বৃহস্পতিবার ম্যাচের প্রথম দিনে দিল্লি ফিল্ডিং করে। সুতরাং, কোহলির বিশেষ ভূমিকা ছিল না খেলায়। সারাক্ষণ বৃত্তের ভিতরে ফিল্ডিং করেন বিরাট।

দ্বিতীয় দিনের সকালে সনৎ সাঙ্গওয়ান ও যশ ধুল যতক্ষণ ব্যাট করছিলেন, তর সইছিল না দর্শকদের। রেলওয়েজের বোলাররা যতবার এলডিব্লিউর আবেদন জানান দুই ব্যাটারের বিরুদ্ধে, গ্যালারির দর্শকরাও তাঁদের সঙ্গে গলা মেলান। আসলে সবাই অধীর আগ্রহে ছিলেন কোহলি কখন ব্যাট করতে নামবেন।
যশ ধুল আউট হওয়ার পর বিরাট কোহলি মাঠে এসে নিজের পঞ্চম বলে ১ রান নিয়ে খাতা খোলেন। ১১তম ডেলিভারিতে আরও এক রান সংগ্রহ করেন বিরাট। ইনিংসের ২৭.৩ ওভারে রেলওয়ের পেসার হিমাংশু সাঙ্গওয়ানের বলে জোরালো স্ট্রেট-ড্রাইভ মারেন কোহলি এবং তীরের গতিতে সেই বল বাউন্ডারি লাইনের বাইরে চলে যায়। গ্যালারি চিৎকার করে ওঠে।

তবে দর্শকদের সেই উল্লাস মুহূর্তে নিস্তব্ধতায় পরিণত হয় কিছুক্ষণ পরই। ঠিক পরের বলেই বোল্ড হয়ে মাঠ ছাড়েন কোহলি। হিমাংশুর ফুল লেনথ বলে জোরালো স্ট্রেট ড্রাইভ মারার চেষ্টা করেন কোহলি। তবে বল পিচে পড়ার পরেই ভিতরের দিকে বাঁক নেয়। বিরাটের ব্য়াটের নাগাল এড়িয়ে ব্যাড-প্যাডের ফাঁক দিয়ে বল গিয়ে লাগে স্টাম্পে। অফ-স্টাম্পের উপরের দিকে বল লাগার পরে ছিটকে যায় স্টাম্প। কোহলি আউট হতেই বিশেষ সময় নষ্ট না করে দর্শকরা গ্যালারি ছাড়তে শুরু করেন। মুহূর্তে ফাঁকা হয়ে যায় সারি সারি চেয়ার।