বইমেলা নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা কোনো নাশকতা করলে তা কঠিনভাবে মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
আজ শুক্রবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলার নিরাপত্তা প্রস্তুতি দেখতে গিয়ে তিনি এ কথা জানান।
ডিএমপি কমিশনার বলেন, ‘নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগসহ কেউ যদি হরতালসহ বিভিন্ন কর্মসূচি দিয়ে নাশকতার চেষ্টা করে তাহলে কঠোরভাবে দমন করা হবে। ডিএমপির বাইরেও নিরাপত্তায় নিয়োজিত থাকবে র্যাব, গোয়েন্দা সংস্থা। এবার টিএসসি থেকে দোয়েল চত্বর সড়ক সারাদিনই বন্ধ থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকাও নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হবে। ঢাবি এলাকায় মেলা চলাকালীন এক মাস কোনো ভারী যানবাহন চলবে না।’
ডিএমপি কমিশনার বলেন, ‘উসকানিমূলক কোনো বই যেন বইমেলায় না থাকে এর জন্য বাংলা একাডেমিকে বলা হয়েছে। বইমেলা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। বইমেলায় খাবারের দোকানে যাতে বাড়তি দাম রাখা না হয় এ বিষয়ে পুলিশকে নজরদারি করার নির্দেশ দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘বইমেলায় লেখক প্রকাশকদের ওপর হামলার অভিযোগে এর আগে যারা গ্রেপ্তার হয়েছিলেন অনেকেই জামিনে মুক্ত। তাদের ওপর নজরদারি রাখা হয়েছে।’
ঢাকাজুড়ে বিভিন্ন আন্দোলনে পুলিশ কাউকে বল প্রয়োগ করতে চায় না জানিয়ে রাস্তা বন্ধ করে কোনো আন্দোলন না অনুরোধ জানান ডিএমপি কমিশনার।