চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে গেলেন মার্শ

পিঠের চোটের কারণে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ অলরাউন্ডার মিচেল মার্শ। বৃহস্পতিবার ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে তার ছিটকে যাওয়ার খবর নিশ্চিত করেছে। মার্শের না থাকা অজিদের জন্য বড় ধাক্কা, কারণ তিনি টি-টোয়েন্টিতে দলের অধিনায়ক এবং নিয়মিত ওয়ানডে স্কোয়াডেরও গুরুত্বপূর্ণ সদস্য।

সর্বশেষ ভারতের বিপক্ষে বোর্ডার-গাভাস্কার সিরিজে ব্যাট হাতে ব্যর্থ হন মার্শ। সাত ইনিংসে তার ব্যাট থেকে আসে মাত্র ৭৩ রান। ফিটনেস নিয়েও ছিল নিয়মিত আলোচনা। এরপর বিগ ব্যাশে একটি ম্যাচ খেললেও চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বিশ্রামে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। কিন্তু সেই সময়েই তার পিঠের চোট বেড়ে যায়, যা তাকে আসর থেকে ছিটকে দিয়েছে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার বিবৃতিতে বলা হয়েছে, 'সাম্প্রতিক সপ্তাহে মার্শের পিঠের ব্যথা বেড়েছে। জাতীয় নির্বাচক কমিটি (এনএসপি) সিদ্ধান্ত নিয়েছে যে পুনর্বাসনের জন্য তার আরও সময় প্রয়োজন। তাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি খেলতে পারবেন না।'

মার্শের পরিবর্তে দলে জায়গা নিতে পারেন জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, উইল সাদারল্যান্ড বা উইকেটরক্ষক ব্যাটার অ্যালেক্স ক্যারি। তবে ফর্মে না থাকায় ম্যাকগার্কের সুযোগ পাওয়া নিয়ে সংশয় রয়েছে। ওয়ানডেতে অভিষেক না হলেও বিকল্প হিসেবে বিবেচনায় থাকতে পারেন বাউ ওয়েবস্টারও।

আগামী ১১ ফেব্রুয়ারি পর্যন্ত স্কোয়াড পরিবর্তনের সুযোগ রয়েছে। ১২ ও ১৪ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে দুটি ওয়ানডে দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি সারবে অস্ট্রেলিয়া। এখন দেখার বিষয়, মার্শের জায়গায় কে দলে জায়গা পান এবং তার অনুপস্থিতি কেমন প্রভাব ফেলে অজিদের শিরোপা অভিযানে।