বগুড়া প্রতিনিধি

বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত

বগুড়ার নন্দীগ্রামে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকের সহকারী (হেলপার) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে উপজেলার রনবাঘা বাসস্ট্যান্ডে বগুড়া- নাটোর সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা সাড়ে ১১টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন কুন্দারহাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ারুজ্জামান।

তিনি জানান, খুলনা থেকে মাছবাহী একটি ট্রাক বগুড়ার দিকে এবং বালুবাহী একটি ট্রাক নাটোরের দিকে যাওয়ার পথে ঘন কুয়াশার কারণে রনবাঘা বাসস্ট্যান্ডে দুই ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাছবাহী ট্রাকের চালকের সহকারী নিহত হয়। এসময় গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। 

তিনি আরও জানান, এখনও নিহতের নাম পরিচয় জানা যায়নি। আমরা চেষ্টা করছি নাম পরিচয় জানার। মরদেহ থানাতেই আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এখন পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।